প্রকল্পের মেয়াদ শেষ হয়, কাজ শেষ হয় না

‘ঝিনাইদহ-চুয়াডাঙ্গা-মেহেরপুর-মুজিবনগর মহাসড়ক প্রশস্তকরণ’ প্রকল্পের কাজের মাত্র ২৫ শতাংশ হয়েছে গত সাড়ে চার বছরে। প্রকল্পটির কাজ শেষ হওয়ার কথা ছিল ২০১৩ সালের ডিসেম্বর মাসে। প্রকল্পের আওতায় চলে যাওয়ায় এই সড়কের নিয়মিত মেরামত কাজও বন্ধ। ফলে স্থানে স্থানে খানাখন্দে ভরে গেছে।
সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) সূত্রে জানা গেছে, ঝিনাইদহ শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে মেহেরপুরের মুজিবনগর পর্যন্ত মহাসড়ক প্রশস্তকরণে ২০১১ সালের জানুয়ারি মাসে এই প্রকল্প নেওয়া হয়। ব্যয় ধরা হয় ১৮০ কোটি ৯৩ লাখ ৯৮ হাজার টাকা। সাড়ে চার বছরে সব মিলিয়ে বরাদ্দ পাওয়া গেছে ৪৯ কোটি ৫০ লাখ টাকা। মাত্র ১৩ দশমিক ৫ কিলোমিটার মহাসড়কের কাজ সম্পূর্ণ এবং আরও প্রায় ১৯ কিলোমিটারের আংশিক হয়েছে। প্রকল্পের মেয়াদ বৃদ্ধির পাশাপাশি এখন ব্যয় বৃদ্ধিরও পরিকল্পনা করছে সওজ।
সওজের একটি উচ্চপর্যায়ের সূত্র জানায়, প্রকল্পটি সময়মতো বাস্তবায়ন না হওয়ার একটা বড় কারণ যথাসময়ে অর্থ ছাড় না করা। শতাধিক চলমান প্রকল্পে ভাগ করে বরাদ্দ দেওয়ার কারণে এই প্রকল্পটি অগ্রাধিকার পায়নি। তবে আগামী অর্থবছরে এটি শেষ করার বিষয়ে পরিকল্পনা আছে। কারণ, সামনের অর্থবছরে সওজের উন্নয়ন প্রকল্প ৯৭টিতে নামিয়ে আনা হয়েছে। এর মধ্যে ৪২টি প্রকল্প বিশেষ গুরুত্ব দিয়ে শেষ করা হবে। এর মধ্যে ‘ঝিনাইদহ-চুয়াডাঙ্গা-মেহেরপুর-মুজিবনগর মহাসড়ক প্রশস্তকরণ’ প্রকল্পটিও থাকবে।
জাতীয় সংসদের হুইপ চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার কাজের এই দীর্ঘসূত্রতায় উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘কাজ শেষ করতে দেরি হওয়ার ঘটনাটি দুঃখজনক।’
সওজ সূত্র জানায়, এ পর্যন্ত প্রকল্পের ঝিনাইদহ অংশে ১৪ দশমিক ৩৭৫ কিলোমিটার, চুয়াডাঙ্গা অংশে ৯ দশমিক ৫ কিলোমিটার ও মেহেরপুর অংশে ৯ কিলোমিটার মিলিয়ে মোট ৩২ দশমিক ৪২৫ কিলোমিটার কাজের জন্য ঠিকাদার নিয়োগ হয়েছে। শুধু মেহেরপুর অংশেই চুক্তি অনুযায়ী কাজ সম্পন্ন হয়েছে। চুয়াডাঙ্গা অংশে সাড়ে ৪ কিলোমিটার সম্পূর্ণ ও ৪ দশমিক ৫৫ কিলোমিটার আংশিক এবং ঝিনাইদহ অংশে আংশিক কাজ হয়েছে।
ঝিনাইদহ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, কাজের মাত্র ২৫ শতাংশ সম্পন্ন হয়েছে।
চুয়াডাঙ্গা জেলা অংশে চুয়াডাঙ্গার এসএস জয়েন্টভেঞ্চার ১৩ কোটি ৯৫ লাখ ৪১ হাজার টাকা ব্যয়ে সাড়ে ৪ কিলোমিটার এবং মেসার্স শাহানা কনস্ট্রাকশন ১৩ কোটি ৯৫ লাখ ৪৩ হাজার টাকা ব্যয়ে আরও ৪ দশমিক ৫৫ কিলোমিটার সড়ক উন্নয়নের কাজে চুক্তিবদ্ধ হয়। ২০১২ সালের ১০ জানুয়ারি দেওয়া কার্যাদেশ অনুযায়ী, ২০১৩ সালের ৯ জানুয়ারি কাজ শেষ করার কথা । এসএস জয়েন্টভেঞ্চার কাজ শেষ করলেও শাহানা কনস্ট্রাকশন আংশিক করে কাজ বন্ধ রেখেছে।
শাহানা কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি জহুরুল ইসলাম জোয়ার্দ্দার। সড়ক ও জনপথ বিভাগ যশোর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল ইসলাম খান তাঁকে এ বিষয়ে একাধিক চিঠি দিয়েছেন। কিন্তু কোনো লাভ হয়নি। সর্বশেষ গত ২৭ এপ্রিল পরবর্তী সাত দিনের মধ্যে কাজ শুরুর চূড়ান্ত নোটিশ দেওয়া হয়। তাতেও কাজ শুরু হয়নি।
ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর অভিযোগ, সড়ক ও জনপথ বিভাগ থেকে অর্থের প্রবাহ না থাকায় কাজ গতিহীন হয়ে পড়েছে। যথাসময়ে অর্থ বরাদ্দ না আসায় ঠিকাদারেরা সড়ক বিভাগের প্রতি কোনো আস্থা রাখতে পারছেন না।
এসএস জয়েন্টভেঞ্চারের সাইফুল হাসান জোয়ার্দ্দার বলেন, ‘২০০৮ সালের উপকরণের মূল্য অনুযায়ী কাজের ব্যয় ধরা হয়েছিল। ২০১৫ সালে প্রয়োজনীয় উপকরণের মূল্য দ্বিগুণের বেশি হয়েছে। এখন দর পুনর্নির্ধারণ না হলে কোনো ঠিকাদারই কাজ করতে পারবেন না। ’
সড়ক ও জনপথ বিভাগ চুয়াডাঙ্গার নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ জানান, ‘নতুন অর্থবছরে উপকরণের দর পুনর্নির্ধারণ করার সম্ভাবনা আছে। এরপর বাকি কাজের জন্য দরপত্র আহ্বান করা হবে। নতুন দর অনুযায়ী বরাদ্দ পাওয়া গেলে কাজ শেষ হবে।’