প্রকৃত দুর্বৃত্তদের আড়াল করতে ইকবালকে পাগল সাজানো হয়েছে: কেন্দ্রীয় পূজা উদ্যাপন পরিষদ
প্রকৃত দুর্বৃত্তদের আড়াল করতে কুমিল্লার পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখা ইকবাল হোসেনকে পাগল সাজানো হয়েছে বলে অভিযোগ করেছেন কেন্দ্রীয় পূজা উদ্যাপন পরিষদের সভাপতি মিলন কান্তি দত্ত। হামলার সময় স্থানীয় জনপ্রতিনিধিদের নিষ্ক্রিয়তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
সোমবার বিকেলে চট্টগ্রাম নগরের আন্দরকিল্লা মোড়ে চট্টগ্রাম মহানগর পূজা উদ্যাপন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে এসব অভিযোগ করেন মিলন কান্তি। সারা দেশে মঠ-মন্দির, পূজামণ্ডপে হামলা, প্রতিমা ভাঙচুর, সংখ্যালঘুদের বাড়ি-ঘর ভাঙচুর, লুটপাট, হত্যা ও ধর্ষণ এবং সাম্প্রদায়িক সহিংসতায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়।
এ সময় মিলন দত্ত বলেন, কথিত ধর্মীয় অনুভূতি, ধর্ম অবমাননার অভিযোগ তুলে সারা দেশে হামলা চালানো হয়েছে। যারা এই হামলার সঙ্গে জড়িত, সবাইকে বিচারের আওতায় আনতে হবে। বিচার বিভাগীয় কমিশন গঠন করে সাম্প্রদায়িক সহিংসতায় জড়িতদের বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করারও দাবি জানান তিনি।
তিনি আরও বলেন, ‘সাম্প্রদায়িক হামলা প্রতিরোধে স্থানীয় জনপ্রতিনিধিদের ভূমিকা কি? পাকিস্তানি প্রেতাত্মা সাম্প্রদায়িক অপশক্তি সহিংসতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চালাচ্ছে। এসব প্রতিরোধে রাজনৈতিক দল ও নেতাদের রাস্তায় নামতে হবে।’
কেন্দ্রীয় পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল চ্যাটার্জি বলেন, ‘গত ১২ বছর ধরে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি ক্ষমতায় আছে। আশা করেছিলাম, ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হবে, সংখ্যালঘুরা সুরক্ষিত থাকবে। কিন্তু চিত্র ভিন্ন। আমরা দেখেছি, নোয়াখালীতে কোনো রাজনৈতিক দলের নেতা, সংসদ সদস্য, প্রশাসন সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে এগিয়ে আসেনি।’
মহানগর পূজা উদ্যাপন পরিষদের সভাপতি আশীষ ভট্টাচার্যের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় পূজা পরিষদের যুগ্ম সম্পাদক শ্যামল কুমার পালিত, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক নিতাই প্রসাদ ঘোষ, ওয়ার্ড কাউন্সিলর জহর লাল হাজারী, শৈবাল দাশ ও পুলক খাস্তগীর এবং মহানগর পূজা পরিষদের সাবেক সভাপতি চন্দন তালুকদার প্রমুখ।