দেশের প্রকৌশল খাতের ব্যবস্থাপনা প্রকৌশলীদের হাতে ছেড়ে দেওয়ার জন্য নীতিনির্ধারকদের কাছে আহ্বান জানিয়েছেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইআইবি) চট্টগ্রাম কেন্দ্রের নেতারা। তাঁরা বলেন, প্রকৌশল খাতের ব্যবস্থাপনায় প্রকৌশলীরাই গতিশীলতা আনতে পারবে। এতে প্রতিটি খাতে উৎপাদনশীলতা বাড়বে।
‘ইঞ্জিনিয়ার্স ডে’ পালন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চট্টগ্রাম কেন্দ্রের সেমিনারকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়। এতে লিখিত বক্তব্য পড়ে শোনান আইআইবি চট্টগ্রামের সভাপতি সাদেক মোহাম্মদ চৌধুরী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইআইবি চট্টগ্রাম কেন্দ্রের সম্পাদক প্রবীর কুমার সেন, সহসভাপতি উদয় শেখর দত্ত, মো. আবদুর রশিদ প্রমুখ।
সংবাদ সম্মেলনে বলা হয়, প্রকৌশলীরাই হচ্ছেন প্রযুক্তির ধারক ও বাহক। বর্তমানে বাংলাদেশের যেসব প্রধান সমস্যা রয়েছে তার বেশির ভাগই প্রযুক্তিনির্ভর। যেমন: বিদ্যুৎ, গ্যাস, পানি সরবরাহ, জলাবদ্ধতা, কারখানার নিরাপত্তা, দুর্যোগ-পরবর্তী ব্যবস্থাপনা ইত্যাদি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এসব খাতের ব্যবস্থাপনা প্রকৌশলীদের হাতে নেই, আমলারাই সব নিয়ন্ত্রণ করছে। কিন্তু প্রকৌশলনির্ভর খাতকে গতিশীল করতে পারে প্রকৌশল ব্যবস্থাপনা। বিষয়টির প্রতি গুরুত্ব দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে আইআইবির বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরা হয়।