প্রকৌশলী পেটানোর মামলায় কচুয়া উপজেলার চেয়ারম্যান কারাগারে
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর চাঁদপুরের উপসহকারী প্রকৌশলী নুরে আলমকে মারধরের মামলায় বরখাস্ত হওয়া কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান শিশিরকে কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে তিনি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেন। পরে বিচারক মো. কামাল হোসেন জামিন মঞ্জুর না করে তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
আদালতসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই দুপুরে কচুয়া বালিকা উচ্চবিদ্যালয়ের নির্মাণকাজ পরিদর্শনের সময় উপজেলা চেয়ারম্যান ও তাঁর সহযোগীদের হাতে মারধরের শিকার হন প্রকৌশলী নুরে আলম। এ ঘটনায় ওইদিন রাতেই নুরে আলম বাদী হয়ে কচুয়া থানায় চেয়ারম্যানসহ তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২০ জনের বিরুদ্ধে মামলা করেন। পরে ২৩ জুলাই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে চেয়ারম্যান শাহজাহান শিশিরকে সাময়িক বরখাস্ত করা হয় এবং প্যানেল চেয়ারম্যান সুলতানা খানমকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়।
এদিকে প্রকৌশলীকে মারধরের ঘটনা তদন্ত করার জন্য নির্দেশ দেওয়া হয় স্থানীয় সরকার বিভাগ থেকে। সে অনুযায়ী চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত কমিশনার ঘটনাটি তদন্ত করেন। বর্তমানে তদন্ত প্রতিবেদন স্থানীয় সরকার বিভাগে দাখিলের অপেক্ষায় রয়েছে। এদিকে মামলাটি নিয়ে কচুয়ায় দফায় দফায় চেয়ারম্যান শাহজাহান শিশিরের পক্ষে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালি উল্লাহ অলি বলেন, ঘটনার পর থেকে চেয়ারম্যান শাহজাহান শিশির পলাতক ছিলেন। তবে তিনি আদালতে হাজির হলে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।