প্রচারণা থেকে ফেরার পথে ট্রলির ধাক্কায় নারী ইউপি সদস্য প্রার্থীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

সিলেটের জকিগঞ্জে নির্বাচনী প্রচারণা থেকে বাড়ি ফেরের পথে মালবাহী ট্রলির ধাক্কায় এক সংরক্ষিত নারী ইউপি সদস্য প্রার্থীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বেলা আড়াইটার দিকে উপজেলার মুন্সিবাজার-সোনাচান সড়কের মুন্সিবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারীর নাম মনোয়ারা বেগম (৩৫)। তিনি উপজেলার কসকনকপুর ইউনিয়নের মুন্সিবাজার এলাকার বাসিন্দা। পঞ্চম ধাপে ৫ জানুয়ারি অনুষ্ঠেয় ইউপি নির্বাচনের ৭, ৮ ও ৯ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের নারী ইউপি সদস্য পদে প্রার্থী হয়েছিলেন তিনি।

বেলা আড়াইটার দিকে তিনি প্রচারণায় অংশ নেওয়া কর্মী-সমর্থকদের বিদায় দিয়ে বাড়িতে ফিরছিলেন। পথে পাওয়ার টিলারের ইঞ্জিনচালিত মাল পরিবহনের একটি ট্রলি তাঁকে ধাক্কা দেয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সোমবার ইউপি নির্বাচনে সংরক্ষিত নারী ওয়ার্ডের প্রার্থী মনোয়ারা বেগম প্রতীক বরাদ্দ পান। প্রতীক পাওয়ার পরপরই প্রচারণায় ব্যস্ত সময় পার করছিলেন তিনি। মঙ্গলবার সকাল থেকে মনোয়ারা তাঁর নির্বাচনী এলাকার বিভিন্ন গ্রামে প্রচারণা চালাচ্ছিলেন। বেলা আড়াইটার দিকে তিনি প্রচারণায় অংশ নেওয়া কর্মী-সমর্থকদের বিদায় দিয়ে বাড়িতে ফিরছিলেন। পথে পাওয়ার টিলারের ইঞ্জিনচালিত মাল পরিবহনের একটি ট্রলি তাঁকে ধাক্কা দেয়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

জকিগঞ্জ থানার ওসি আবুল কাসেম জানান, নিহত প্রার্থীকে ধাক্কা দেওয়া ট্রলি ও এটির চালককে আটকের চেষ্টা চালাচ্ছেন তাঁরা। এ ঘটনায় রাত সাড়ে সাতটা পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি।