ছবি আঁকা, কুইজ প্রতিযোগিতা, আলোকচিত্র প্রদর্শনী, ঘুড়ি ওড়ানো, বিতর্ক প্রতিযোগিতা, প্রামাণ্যচিত্র প্রদর্শনীর মতো নানা আয়োজন ছিল দিনব্যাপী। তবে সবকিছুর কেন্দ্রে ছিল প্রজাপতি। রঙিন ডানা মেলে উড়ছে প্রজাপতি। সেগুলোর সঙ্গে পাল্লা দিয়ে নেচে বেড়াচ্ছে শিশুরা। পিছিয়ে ছিলেন না প্রবীণেরাও।
‘উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’ স্লোগানে আজ শুক্রবার দিনব্যাপী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রজাপতি মেলা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের কীটতত্ত্ব শাখা এ মেলার আয়োজন করে। বেলা ১১টায় ক্যাম্পাসের জহির রায়হান মিলনায়তনের সামনে মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ রাশেদা আখতার।
প্রধান অতিথির বক্তব্যে রাশেদা আখতার বলেন, কীটপতঙ্গ ও জীববৈচিত্র্য রক্ষার জন্য প্রকৃতি, মানুষ ও সামাজিক পরিবেশ রক্ষা করতে হবে। এ জন্য সবাইকে সচেতন থাকতে হবে। পরিবেশের সুরক্ষা নিশ্চিত করে উন্নয়ন চিন্তা করতে হবে।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে মেলার আহ্বায়ক প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মনোয়ার হোসেন বলেন, প্রজাপতি রক্ষা করার জন্য প্রাকৃতিক পরিবেশকে বাঁচাতে হবে। পরিবেশ-প্রকৃতি সুরক্ষিত না হলে প্রজাপতি বাঁচবে না। আগে বাংলাদেশে ৩৫০ থেকে ৪০০ প্রজাতির প্রজাপতি লক্ষ করা যেত। সেই সংখ্যা এখন কমে এসেছে।
মনোয়ার হোসেন আরও বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে লক্ষ করা যেত ১২০ প্রজাতির প্রজাপতি। এখন এই সংখ্যা নেমে এসেছে ৬০–এ। মানুষ প্রকৃতিমনস্ক হলে প্রকৃতি সুরক্ষিত থাকবে। প্রকৃতি সুরক্ষার জন্য সবুজ বনভূমি রক্ষা করতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জীববিজ্ঞান অনুষদের ডিন আবদুল জব্বার হাওলাদার, চ্যানেল আইয়ের পরিচালক এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার, বার্ড ক্লাবের সভাপতি ইনাম আল হক, মৌসুমী টয়লেট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মাতলুব আখতার প্রমুখ।
অনুষ্ঠানে প্রজাপতি সংরক্ষণে বিশেষ অবদানের জন্য সিরাজগঞ্জের কলেজশিক্ষক হাসমত আলীকে বাটারফ্লাই অ্যাওয়ার্ড ২০২১ প্রদান করা হয়। বাটারফ্লাই ইয়াং ইনথুসিয়াস্ট অ্যাওয়ার্ড পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান।
দিনব্যাপী প্রজাপতি প্রদর্শন, প্রজাপতিবিষয়ক ছবি আঁকা ও কুইজ প্রতিযোগিতা, প্রজাপতিবিষয়ক আলোকচিত্র প্রদর্শনী ও আলোকচিত্র প্রতিযোগিতা, প্রজাপতির হাট দর্শন, প্রজাপতির আদলের ঘুড়ি ওড়ানো, বিতর্ক প্রতিযোগিতা, প্রজাপতি চেনা প্রতিযোগিতা ও প্রজাপতিবিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শন করার মধ্য দিয়ে শেষ হবে প্রজাপতি মেলা।
রাজধানীর ধানমন্ডি থেকে আট বছরের শিশুকে সঙ্গে নিয়ে মেলা দেখতে এসেছিলেন একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা সারিকা তাবাসসুম। তিনি প্রথম আলোকে বলেন, করোনার কারণে দীর্ঘদিন ধরে শিশুরা ঘরে বন্দী। শিশুদের মানসিক বিকাশের জন্য এ ধরনের আয়োজনের খুব দরকার ছিল। প্রজাপতির সঙ্গে শিশুদের একটা মানসিক যোগাযোগ আছে।