প্রতি কেজিতে ৩০০ গ্রাম দই কম দিচ্ছিল মিষ্টান্ন ভান্ডারটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভ্রাম্যমাণ আদালত
প্রতীকী ছবি

ফরিদপুরে দুটি মিষ্টির দোকান ও দুটি রেস্তোরাঁয় অভিযান চালিয়ে গুরুতর অনিয়ম পেয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে ওজনে কম দেওয়া, নিম্নমানের খাবার বিক্রি এবং অপরিচ্ছন্ন পরিবেশের জন্য ওই চার প্রতিষ্ঠানকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ মঙ্গলবার বেলা ১১টা থকে ৩টা পর্যন্ত শহরের গোয়ালচামট ও নিলটুলী এলাকায় এসব অভিযান চালান আদালত। র‍্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের সহায়তায় এ অভিযানে নেতৃত্ব দেন ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী কমিশনার ইমাম রাজী।

অভিযানকালে বাগাট রাজকুমার মিষ্টান্ন ভান্ডার ও বাগাট ঘোষ মিষ্টান্ন ভান্ডারকে ৫০ হাজার করে এক লাখ টাকা জরিমানা করা হয়।

এর মধ্যে গুরুতর অভিযোগ পাওয়া গেছে বাগাট রাজকুমার মিষ্টান্ন ভান্ডার নামের একটি মিষ্টির দোকানের ক্ষেত্রে। ফরিদপুরের জ্যেষ্ঠ সহকারী কমিশনার ইমাম রাজী বলেন, বাগাট রাজকুমার মিষ্টান্ন ভান্ডারে প্রতি কেজি দই বিক্রিতে বিক্রেতা ৩০০ গ্রাম কম পরিমাণ দই দিচ্ছিলেন। ক্রেতা এক কেজি দই কিনে প্রতি কেজিতে ৭০০ গ্রাম দই পাচ্ছিলেন, যার ফলে প্রত্যেক ক্রেতা প্রতারিত হচ্ছিলেন এবং বিক্রেতা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন করছিলেন।

অভিযানকালে বাগাট রাজকুমার মিষ্টান্ন ভান্ডার ও বাগাট ঘোষ মিষ্টান্ন ভান্ডারকে ৫০ হাজার করে এক লাখ টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে ভেজাল খাবার বিক্রি করায় সুইট হোটেল নামের একটি রেস্তোরাঁকে ১০ হাজার টাকা এবং রান্নার অপরিচ্ছন্ন পরিবেশের কারণে খন্দকার চাইনিজ রেস্তোরাঁকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।