প্রতি বর্ষায় পানি জমে দুর্ভোগ পোহান তাঁরা

জলাবদ্ধতার কবলে ৫০টি পরিবার। তাদের অভিযোগ পৌর কর্তৃপক্ষ পানি সরানোর ব্যবস্থা নেয় না।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে অনেক বসতবাড়ি। গত মঙ্গলবার কেশবপুর পৌরসভার পোস্ট অফিস পাড়ায়
ছবি: প্রথম আলো

যশোরের কেশবপুর পৌরসভার পোস্ট অফিসপাড়ায় বৃষ্টির পানি জমে ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। সেখানকার অন্তত ৫০টি বাড়ি জলাবদ্ধতার কবলে পড়েছে। এসব পরিবারের অভিযোগ, প্রতি বর্ষায় তারা দুর্ভোগে পড়লেও পৌর কর্তৃপক্ষ পানি সরানোর কোনো ব্যবস্থা নেয় না।

কেশবপুর শহর জামে মসজিদের পেছন থেকে পোস্ট অফিস পর্যন্ত প্রায় ৫০টি বাড়িতে পানি উঠেছে। ডাকবাংলো সড়কও পানির নিচে তলিয়ে গেছে। সড়কের পাশে ছোট নালায় ময়লা-আবর্জনায় ভর্তি। সেখান থেকে পানিনিষ্কাশন হতে পারছে না।

গত মঙ্গলবার সরেজমিন দেখা যায়, জামে মসজিদের পেছনে পার্থ কুমার বসুর বাড়ির রান্নাঘরে পানি উঠেছে। একইভাবে পোস্ট অফিস পর্যন্ত প্রতিটি বাড়িতে ঢুকেছে। পানি উঠেছে। কারও বাড়ির আঙিনায় পানি উঠেছে।

এ পাড়ার বাসিন্দা শেখ শফিকুল ইসলাম বলেন, প্রতিবছর বৃষ্টি হলেই এই পাড়া পানিতে তলিয়ে যায়। সরু নালার কারণে পানিনিষ্কাশন হয় না। এতে জলাবদ্ধতার সৃষ্টি হয়।

আরেক বাসিন্দা দ্বীন ইসলাম বলেন, ২০ বছর ধরে এ সমস্যা চলছে। কিন্তু সমাধানে পৌরসভা কোনো উদ্যোগ নেয় না। পানির কারণে সাপের উপদ্রব বাড়ে। জলাবদ্ধ পানি থেকে দুর্গন্ধ বের হয়, মশাও বৃদ্ধি পায়। বাড়ি থেকে নেমে পানির মধ্য দিয়ে গিয়ে জরুরি কাজ করতে হয়।

জলাবদ্ধ ওই এলাকা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত। স্থানীয় কাউন্সিলর আফজাল হোসেন বলেন, ওই এলাকার জলাবদ্ধতার সমস্যার জন্য পৌরসভার সভায় তোলা হয়েছিল, কিন্তু প্রকল্প নেওয়া হয় না। পৌরসভার প্রচুর টাকা রাজস্ব আদায় হয়, কিন্তু এই জলাবদ্ধতার সমস্যা সমাধান না হওয়ায় তিনিও বিব্রত।

এ ব্যাপারে কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম বলেন, পৌরসভা গঠনের সময় অপ্রশস্ত নালা নির্মাণ করা হয়েছিল। যে কারণে পানিনিষ্কাশন হতে সমস্যা হয়। তবে এ বছর নালা সংস্কার করা হয়েছে। পানি নেমে যাবে। আর প্রশস্ত নালা নির্মাণের জন্য প্রকল্প গ্রহণ করা হয়েছে। তহবিল পেলে নালা নির্মাণ করা হবে।