প্রতি রাতে হাঁস-মুরগি কমছিল, অবশেষে ধরা পড়ল অজগর
সিলেট নগরের বালুচর নতুন বাজার এলাকার বাসিন্দা উজ্জ্বল আহমদ। তাঁর বাসায় পালন করা হাঁস-মুরগির সংখ্যা প্রায় প্রতি রাতেই কমে যাচ্ছিল। কয়েক দিন ধরে কারণ খুঁজেও তিনি কূলকিনারা পাচ্ছিলেন না। আজ শনিবার সকালে হাঁসের জন্য তৈরি করা ঘরের সামনে তিনি একটি অজগর সাপ দেখতে পান।
স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তিনি অজগরটি আটক করেন। তখন স্থানীয় লোকজন অজগরটি মারতে উদ্যত হলে তিনি তাঁদের বাধা দেন এবং বন বিভাগ এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাণীর অধিকার ও জীববৈচিত্র্য সংরক্ষণবিষয়ক সংগঠন প্রাধিকারের কর্মীদের খবর দেন। দুপুরে বালুচরের নতুন বাজার এলাকার উজ্জ্বল আহমেদের বাড়িতে গিয়ে অজগরটি উদ্ধার করেন প্রাধিকারের কর্মীরা।
প্রাধিকারের কর্মীরা জানান, উদ্ধার করা অজগরটি লম্বায় সাত ফুট। উদ্ধারের পর অজগরটিকে শুশ্রূষা দিয়ে নগরের টিলাগড় ইকোপার্কে বিকেলে অবমুক্ত করা হয়েছে।
প্রাধিকারের সভাপতি তাজুল ইসলাম বলেন, বন্য প্রাণী পরিবেশের অন্যতম একটি বড় সম্পদ। ক্রমাগত গাছ উজাড়, সাপের বাসস্থান নষ্ট করা ও খাবারের খোঁজে সাপ লোকালয়ে চলে আসছে। মানুষ বিরক্ত না করলে সাপ কোনো ক্ষতি করে না।