প্রতিদিনই বোমার আওয়াজ আর গুলির শব্দ শুনতে পান। বাসাবাড়ি ছেড়ে রয়েছেন একটি স্কুলের বেজমেন্টে। সেখানেও ভয় আর আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। প্রতিদিনই মনে হয়, আজই তাঁদের শেষ দিন। তবুও মনে সাহস নিয়ে সময় পার করছেন। ভীতি কাটাতে চলে আনন্দ-বিনোদন। যুদ্ধ পরিস্থিতির মধ্যেও তাঁরা নারী দিবস পালন করেছেন। কেটেছেন কেকও।
ইউক্রেনপ্রবাসী বাংলাদেশি মিঠু আহমেদ ওরফে ফারুক দেশটিতে চলমান যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যে কীভাবে সময় কাটাচ্ছেন তা প্রথম আলোকে জানান। কুষ্টিয়া শহরের কোর্টপাড়ার বাসিন্দা মিঠু আহমেদ দীর্ঘ ৩০ বছর ধরে ইউক্রেনের কিয়েভ শহরে বসবাস করছেন। আজ বুধবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটায় মুঠোফোনে তাঁর সঙ্গে প্রথম আলোর প্রতিবেদকের কিয়েভের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রায় ১২ মিনিট কথা হয়।
রাতে সবচেয়ে বেশি ভয় লাগে। দুই সপ্তাহ ধরে পরিবার নিয়ে কিয়েভ শহরের একটি কিন্ডারগার্টেনে অবস্থান করছি। সেখানে আরেকটি বাঙালি পরিবারসহ মোট ১৫টি পরিবারের ৬০ জন মানুষ থাকছি। ২৪ ফেব্রুয়ারি থেকে এখানে আশ্রয় নিয়েছি।
কথা শুরুর প্রথমেই মিঠু বললেন, তাঁরা মোটামুটি ভালোই আছেন। তবে পরিস্থিতিটা অনেকটা ফাঁসির আসামির সঙ্গে তুলনা দিয়ে মিঠু বলেন, ‘কোনো আসামির আগামিকাল ফাঁসি হলে তাঁর মনের অবস্থা যেমন হয়, ঠিক তেমন অবস্থায় সময় পার করছি। রাশিয়ার সেনারা কখন আক্রমণ করবে সেই চিন্তায় থাকি সব সময়।’
মিঠু বলেন, ‘রাতে সবচেয়ে বেশি ভয় লাগে। দুই সপ্তাহ ধরে পরিবার নিয়ে কিয়েভ শহরের একটি কিন্ডারগার্টেনে অবস্থান করছি। সেখানে আরেকটি বাঙালি পরিবারসহ মোট ১৫টি পরিবারের ৬০ জন মানুষ থাকছি। স্কুলের তিনটি বেজমেন্টে আমরা মিলেমিশে রয়েছি। নিজেদের বাড়ি ছেড়ে ২৪ ফেব্রুয়ারি থেকে এখানে আশ্রয় নিয়েছি।’
মিঠু বলেন, ‘সাধারণত দিনের বেলায় শহরে কারফিউ থাকে। যখন কারফিউ থাকে না, তখন বের হয়ে ওষুধ বা প্রয়োজনীয় খাবার কিনে আবার বেজমেন্টে চলে আসি। যাঁরা যুদ্ধে অংশ নিয়েছেন, তাঁদের সঙ্গেও যোগাযোগ রাখছি। তাঁদের যেকোনো সহায়তা লাগলে সাধ্যমতো করার চেষ্টা করছি।’
দেশটির পার্লামেন্ট ভবন থেকে দশ কিলোমিটার দূরে মিঠুদের অবস্থান। ওই এলাকা থেকে প্রায় সময় বোমা ও গুলির শব্দ শুনতে পান। বিশেষ করে রাতের বেলায় বেশি আওয়াজ হয়। প্রতিদিনই রাতে ভয় লাগে তাঁদের। তবে সরকারিভাবে ফোনে বার্তা পৌঁছে দেওয়া হয়। বোমা বর্ষণের পূর্ব মুহূর্তে সাইরেন বাজানো হয়। সঙ্গে সঙ্গে তাঁরা নিরাপদ জায়গায় চলে যান।
গ্রামের দিকে যাবেন কি না জানতে চাইলে মিঠু বললেন, ‘সুযোগ থাকলেও যেতে চাই না। শহর ছেড়ে কোথাও যাব না। এখানে থেকে আমার এক সন্তানসহ অন্যান্য পরিবারের সন্তানেরা যাঁরা যুদ্ধ করছেন, তাঁদের সহযোগিতা করছি।’
সার্বিক পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, প্রেসিডেন্ট যেভাবে চালাচ্ছেন সেটার ওপরেই সবাই নির্ভরশীল। যে এলাকায় আছেন সেখানে ছোট ছোট সড়কগুলোতে বস্তা দিয়ে ব্যারিকেড দেওয়া হয়েছে। কালভার্টজাতীয় কিছু থাকলে সেগুলো ভেঙে রাখা হয়েছে, যাতে ট্যাংক ঢুকতে না পারে। ইউক্রেনের সেনাবাহিনীকে বিভিন্নভাবে এলাকার সাধারণ মানুষ সহযোগিতা করছে। সাধারণ মানুষকে অস্ত্রের প্রশিক্ষণও দেওয়া হচ্ছে। পাড়া-মহল্লায় কোনো গাড়ি প্রবেশ করলে তাঁদের তল্লাশিসহ যেকোনো কাজে সেনাবাহিনীকে সহযোগিতা করছে সাধারণ মানুষ।