প্রতিপক্ষের হামলায় আহত আ.লীগ নেতার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন


ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন নিয়ে বিরোধের জেরে নোয়াখালীর হাতিয়ায় প্রতিপক্ষের হামলায় আহত আওয়ামী লীগের স্থানীয় নেতা আপের উদ্দিন (৪০) মারা গেছেন। গত শুক্রবার দিবাগত রাতে নোয়াখালী জেনারেল হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে।
গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার চরকিং ইউনিয়নের ২২ নম্বর গ্রামের বাড়ি থেকে উপজেলা সদরে আসার পথে ইউপি চেয়ারম্যান মহিউদ্দিনের চরকিং গ্রামের বাড়ির কাছে হামলার শিকার হন আপের উদ্দিন। গত ইউপি নির্বাচনে সাবেক সাংসদ মোহাম্মদ আলীর পক্ষের প্রার্থী মহিউদ্দিন মহিনের পক্ষে ছিলেন আপের।
স্থানীয় সূত্র জানায়, হাতিয়ায় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। এক পক্ষের নেতৃত্বে আছেন স্থানীয় সাংসদ আয়েশা ফেরদাউসের স্বামী সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মোহাম্মদ আলী। অন্য পক্ষের নেতৃত্বে আছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওয়ালী উল্লাহ ও সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন। মহিউদ্দিন চরকিং ইউপির চেয়ারম্যান।
স্থানীয় সূত্রের ভাষ্যমতে, গত ইউপি নির্বাচন দুই পক্ষের বিরোধে নতুন মাত্রা যোগ করে। উপজেলার সাতটি ইউনিয়নের মধ্যে চারটিতে মোহাম্মদ আলীর আর তিনটিতে অপর পক্ষের লোকজন চেয়ারম্যান নির্বাচিত হন। মহিউদ্দিন চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে চরকিং ইউনিয়নে তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থীর (মহিউদ্দিন মহিন) সমর্থকদের ওপর ও বাড়িঘরে হামলা, ভাঙচুর-লুটপাটের বেশ কয়েকটি ঘটনা ঘটে। গত পাঁচ-ছয় দিনে মোহাম্মদ আলীর পক্ষের কমপক্ষে আটজন সমর্থক হামলার শিকার হন।
মহিউদ্দিন মহিন অভিযোগ করেন, চেয়ারম্যান মহিউদ্দিনের পক্ষের লোকজন গত বৃহস্পতিবার দুপুরে আপেরের হাত-পা ভেঙে দেয়। পরে পুলিশ তাঁকে রাস্তার পাশ থেকে উদ্ধার করে। আহত আপেরকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত আপের ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ছিলেন।
তবে নিজের পক্ষের লোকজনের বিরুদ্ধে ওঠা ধারাবাহিক হামলার অভিযোগ অস্বীকার করে মো. মহিউদ্দিন প্রথম আলোকে বলেন, যাঁদের ওপর হামলা চালানো হয়েছে, তাঁরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী। সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে এলাকার লোকজন তাঁদের মারছে। এর সঙ্গে তাঁর কিংবা ইউপি নির্বাচনের কোনো সম্পর্ক নেই।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম ফারুক বলেন, স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষের বিরোধের সঙ্গে যোগ হয়েছে ইউপি নির্বাচনী বিরোধ। বেশির ভাগ হামলার সঙ্গে ওয়ালী উল্লাহ ও মহিউদ্দিনের লোকদের সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে। সর্বশেষ ঘটনার সঙ্গেও তাঁদের লোকজন জড়িত। এ ঘটনায় ইতিমধ্যে চারজনকে আটক করা হয়েছে।