প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত, ছেলে আহত
বগুড়ার শেরপুরে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ বুধবার সকালে উপজেলার গাড়িদহ ইউনিয়নের রামেশ্বরপুর মথুরাপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ সকাল ১০টায় ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নিয়ে যায়।
নিহত লুৎফর রহমানের (৭০) বাড়ি রামেশ্বরপুর মথুরাপুর গ্রামে। হামলায় তাঁর ছেলে মশিউল আলম (৩০) আহত হয়েছেন। তাঁকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মশিউল আলম কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা।
হাসপাতালে চিকিৎসাধীন মশিউল আলম বলেন, তাঁদের বাড়ির পাশে প্রতিপক্ষ মামুন (৫০) ও মান্নানদের (৪০) বাড়ি। তাঁরা বেশ কিছুদিন ধরে তাঁদের পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা করছেন। এ নিয়ে স্থানীয়ভাবে সালিসও হয়েছে। আজ সকাল আটটায় তাঁর বাবা লুৎফর রহমান দিনমজুর দিয়ে ওই জমিতে গাছ রোপণ করতে যান। এ সময় মামুন (৫০), মান্নানসহ (৪০) কয়েকজন বাধা দেন। এ নিয়ে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডা হয়। এ সময় প্রতিপক্ষ তাঁর ওপর হামলা করে। তখন তাঁর বাবা এগিয়ে আসেন। তাঁদের হামলায় তাঁর বাবা গুরুতর আহত হন। কিছুক্ষণ পর ঘটনাস্থলেই তিনি মারা যান।
এ সম্পর্কে শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) সাচ্চু বিশ্বাস বলেন, নিহত ব্যক্তির মাথার পেছনে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়া চিকিৎসক মশিউল রহমানের শরীরেও আঘাত রয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, প্রতিপক্ষের সঙ্গে জমিসংক্রান্ত বিরোধ রয়েছে। এ কারণে এই হামলার ঘটনা ঘটেছে।
এসআই সাচ্চু বিশ্বাস আরও বলেন, ঘটনাস্থলে পুলিশ পৌঁছার আগেই হামলাকারীরা বাড়ি তালা দিয়ে পালিয়ে গেছেন। তাৎক্ষণিক কাউকে গ্রেপ্তার করা যায়নি। নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।