প্রতিপক্ষের হামলায় বৃদ্ধা নিহত, আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার সাঁথিয়ায় প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৫ জন আহত হয়েছেন। উপজেলার আফড়া-ভাদালিয়া গ্রামে গত শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, জমিজমা ও আধিপত্য বিস্তার নিয়ে আফড়া-ভাদালিয়া গ্রামের লোকমান হোসেন ও তোরাব আলীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর জের ধরে শুক্রবার বিকেলে তায়জাল বাজারে দুই পক্ষের লোকজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁরা সেখানে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
পরে লোকমান হোসেনের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তোরাব আলীর লোকজনের বাড়িতে হামলা চালিয়ে আট থেকে ১০টি বাড়িঘর ভাঙচুর করেন।
এ সময় বাধা দিতে গেলে অন্তত ১৫ জন আহত হন। আহত ব্যক্তিদের বেশির ভাগই তোরাব আলীর পক্ষের লোকজন। তাঁদের সাঁথিয়া ও বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
আহত ব্যক্তিদের মধ্যে বালা খাতুনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে বারোটার দিকে তিনি মারা যান।
এ ঘটনায় আহত আবদুল লতিফ বাদী হয়ে সাঁথিয়া থানায় ৬০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ হারুন মিয়া নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
থানার ওসি নাসিরউদ্দিন বলেন, পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে।