প্রতিপক্ষের হামলায় ভ্যানচালক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর গ্রামে প্রতিপক্ষের হামলায় এক ভ্যানচালক নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় এই হামলার ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় ভ্যানচালককে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত ওই ভ্যানচালকের নাম মাসুদ শেখ (৩৬)। তিনি ওই গ্রামের পেয়াদা পাড়ার ইসমাইল শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কবরস্থানের সীমানা নির্ধারণ নিয়ে পেয়াদা পাড়ার গ্রাম্য মাতব্বর নুর মোহাম্মদ ও বিনোদপুর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড সদস্য মো. কালাম শেখের সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। বিষয়টি মীমাংসার জন্য মহম্মদপুর উপজেলা প্রশাসন ও মহম্মদপুর থানা–পুলিশ একাধিক বার দুপক্ষের মধ্যে সমঝোতা চেষ্টা করেছে। এরই মধ্যে মাতব্বর নুর মোহাম্মদের সমর্থক মাসুদ শেখের আঁখের খেত নষ্ট করেন প্রতিপক্ষের লোকজন। এ বিষয়ে মহম্মদপুর থানায় একটি অভিযোগ করেন ভ্যানচালক মাসুদ শেখ। এতে ক্ষিপ্ত হয়ে সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মাসুদ শেখের ওপর হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় মাগুরা সদর হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান।

মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. রফিকুল আহসান বলেন, 'হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তাঁর মাথায় গভীর ক্ষত লক্ষ্য করা গেছে।'

মাতব্বর নুর মোহাম্মদের অভিযোগ, সন্ধ্যায় বিনোদপুর থেকে নিজের ভ্যান চালিয়ে বাড়ি ফেরার পথে স্থানীয় হাসিয়ার নামে এক ব্যক্তির বাড়ির পাশে দেশীয় অস্ত্র নিয়ে মাসুদ শেখের ওপর হামলা চালান একই গ্রামের ইব্রাহীম, জাকির, জয়নাল ও সাইফুলসহ তাঁদের লোকজন। হামলাকারীরা সবাই ইউপি সদস্য কালাম শেখ ও জিয়ারুল হকের অনুসারী।

এ বিষয়ে ইউপি সদস্য কালাম শেখের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। ফলে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

মাগুরার সিনিয়র সহকারী পুলিশ সুপার (শালিখা সার্কেল) আবির সিদ্দিকী প্রথম আলোকে জানিয়েছেন, দীর্ঘদিন ধরে দুপক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। তবে সর্বশেষ নিহত ব্যক্তির আখের খেত নষ্ট করা নিয়ে নতুন করে বিরোধ সৃষ্টি হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এসব কারণেই এই হত্যাকাণ্ড হয়েছে। অভিযুক্তদের আটক করতে এলাকায় অভিযান চলছে। সেই সঙ্গে সহিংসতা এড়াতে এলাকায় পুলিশ পাহারা জোরদার করা হয়েছে।