প্রতিবন্ধকতাকে হারাল ইচ্ছাশক্তি

বগুড়ার আহাদুজ্জামান শাকিল ছোটবেলা থেকেই মেধাবী। সংসারে অভাব-অনটন থাকলেও তার মনোযোগে ছেদ পড়েনি। কিন্তু নবম শ্রেণিতে পড়ার সময় বিদ্যুতের তারে জড়িয়ে পুড়ে যায় শাকিলের শরীরের বিভিন্ন অংশ। কেটে ফেলতে হয় ডান হাত ও বাম পায়ের চারটি আঙুল। সেই শাকিল এসএসসির পর এবার এইচএসসি পরীক্ষাতেও পেয়েছেন জিপিএ-৫।
দৃষ্টিপ্রতিবন্ধিতাকে জয় করে ভালো ফলাফল করেছেন জয়পুরহাটের দুই মেধাবী ছাত্রী সুমাইয়া আক্তার ও বিউটি মণ্ডল। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর—
হার না-মানা শাকিল: বগুড়ার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ থেকে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন। এখন তাঁর স্বপ্ন প্রকৌশলী হওয়ার। তাঁর বাবা আজিজুল ইসলাম বগুড়ার সম্মিলিত সামরিক হাসপাতাল এলাকায় মশকনিধন ও ঘাস কাটার স্বল্প বেতনভোগী কর্মচারী। আর মা ফারহানা বেগম গৃহিণী। তাঁরা বগুড়া সেনানিবাসের বাইরে এক বাড়িতে ভাড়া থাকেন। তাঁদের বাড়ি রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার দিলালপুর গ্রামে।
আজিজুল ইসলাম বলেন, ‘শাকিল ছোটবেলা থেকেই মেধাবী ছিল। ডান হাতে সুন্দর ঝরঝরে লিখত। বগুড়া ক্যান্টনমেন্ট বোর্ড পাবলিক স্কুল ও কলেজে পড়ত। আমাদের স্বপ্ন ছিল পড়াশোনা শেষে শাকিল চিকিৎসক হবে। কিন্তু ২০১২ সালের ১৪ মে প্রাইভেট পড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাকিলের শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। ঢাকা মেডিকেলে দুই দফা অস্ত্রোপচারের পর কেটে ফেলতে হয় ডান হাত এবং বাম পায়ের চারটি আঙুল। এরপর প্রায় ছয় মাস বিছানায় পড়ে ছিল।’
মা ফারহানা বেগম বলেন, ‘হাত হারানোর পর সে সারাক্ষণ কাঁদত। মুখে ভাত তুলে খাওয়াতাম। আমি বললাম, ডান হাত নেই, পড়াশোনা বাদ দাও। কিন্তু ও হাল ছাড়ল না। আমাকে বাম হাতে কলম ধরা শেখাতে বলল। তারপর আবার স্কুলে যাওয়া শুরু করল। সে এসএসসিতে জিপিএ-৫ পেল। এখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার কোচিং করছে।’
শাকিল বলে, ‘প্রথম দিকে বাম হাতে কলম ধরতে কষ্ট হতো। এখন খুব সহজেই লিখতে পারি। মাঝেমধ্যে খারাপ লাগে। তবে ভেঙে পড়িনি। বাবা-মায়ের উৎসাহে এগিয়ে গিয়েছি। তাঁরা চেয়েছিলেন চিকিৎসক হই। কিন্তু ডান হাত ছাড়া মানুষকে সেবা দিতে পারব না। এ জন্য প্রকৌশলী হতে চাই।’
মা বলেন, শাকিলের বাবার বেতনে সংসারই ঠিকমতো চলে না। শাকিল অনেক কষ্ট করে পড়াশোনা করছেন। এসএসসির পর এক বেসরকারি ব্যাংক মাসে দুই হাজার টাকার বৃত্তি দিত। তা দিয়েই কোনো রকমে পড়াশোনার খরচ চলেছে। ছেলেকে বিশ্ববিদ্যালয়ে পড়ানোর মতো সামর্থ্য তাঁদের নেই। শাকিলের ইচ্ছাশক্তিই এখন তাঁদের ভরসা।
তাঁরা দৃষ্টিহীন অদম্য: সুমাইয়া আক্তার জয়পুরহাট পৌরসভার নতুন হাট এলাকার রফিকুল ইসলামের মেয়ে। এক ভাই, দুই বোনের মধ্যে সুমাইয়া আক্তার সবার বড়। বাবার বসতভিটা ছাড়া আর কোনো সম্পদ নেই। দেড় মাস ধরে তিনি বেকার। কিন্তু এত অভাব-অনটনের মধ্যেও দৃষ্টিশক্তিহীন সুমাইয়া পড়াশোনা করে গেছেন। জয়পুরহাট সরকারি মহিলা কলেজের মানবিক শাখা থেকে তিনি এবার জিপিএ-৪.৬৭ পেয়েছেন। সুমাইয়ার ইচ্ছা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে পড়াশোনা করবেন।
একই কলেজের দৃষ্টিপ্রতিবন্ধী বিউটি মণ্ডল জিপিএ-৪.৫০ পেয়ে মানবিক শাখা থেকে উচ্চমাধ্যমিক পাস করেছেন। দেড় বছর ধরে বাবা সুমন মণ্ডল পরিবারের সঙ্গে কোনো রকম যোগাযোগ করেন না। পৌর এলাকার খনজনপুর বাজার এলাকায় এক চায়ের দোকান চালান বিউটির মা রওশন আরা বেগম। তিনি বলেন, ‘সম্বল বলতে আছে আড়াই শতক জমির ওপর একটা বসতভিটা। দুই ছেলে আর অন্ধ মেয়েকে নিয়ে সংসার। এক ছেলে রাজমিস্ত্রির সহকারীর (জোগালি) কাজ করে আর ছোট ছেলে সপ্তম শ্রেণিতে পড়ে।’ বিউটি ঢাকা অথবা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান পড়তে চান।
বিউটি আর সুমাইয়া বলেন, তাঁদের কাছে ব্রেইলের কোনো বই ছিল না। ক্লাসে শিক্ষকেরা যা পড়াতেন তা শুনতেন ও রেকর্ড করে নিয়ে আসতেন। পরে বাড়িতে পড়া মুখস্থ করতেন। তাঁদের এ ফলাফলের পেছনে আছে শিক্ষকদের আন্তরিক সহযোগিতাও।
জয়পুরহাট সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের শিক্ষক তুলসী দাস মোহন্ত জানান, দৃষ্টিশক্তিহীন হলেও বিউটি ও সুমাইয়ার পড়াশোনার প্রতি প্রচণ্ড আগ্রহ আছে। তাঁরা ক্লাস কখনো ফাঁকি দিতেন না। তাঁদের সুবিধার্থে লেকচার রেকর্ড করার জন্য কলেজের প্রতিটি ক্লাসে শিক্ষকেরা সাহায্য করেন। তাঁরা আরও পড়াশোনার সুযোগ পেলে পরিবার বা সমাজের বোঝা হবেন না।