প্রতিবন্ধিতাকে জয় করে সফল খামারি মাসুদ
শৈশবে টাইফয়েডে আক্রান্ত হয়ে দুই চোখের দৃষ্টিশক্তি হারান। ময়মনসিংহ-ঢাকাসহ বিভিন্ন স্থানে নিয়ে উন্নত চিকিৎসা করানো হয়। কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। মা-বাবাসহ পরিবারের লোকজন হতাশ হয়ে পড়েছিলেন। ভেবেছিলেন সারা জীবন পরিবারের বোঝা হয়ে থাকবেন।
কিন্তু না, মাসুদ রানা পরিবার বা সমাজের বোঝা হয়ে থাকেননি। মনের আলো দিয়ে অন্ধত্ব দূর করেছেন। দুই চোখে দেখতে না পেলেও নিজের প্রচেষ্টায় গড়ে তুলেছেন মুরগির খামার। অন্ধত্বকে জয় করে তিনি আজ সফল খামারি।
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার পাথরাইল ইউনিয়নের মঙ্গলহোড় গ্রামে মাসুদ রানার বাড়ি। ওই গ্রামের সামাদ মিয়া ও মাসুমা বেগমের ঘরে ১৯৮৩ সালে তাঁর জন্ম। তিন বছর বয়সে হঠাৎ টাইফয়েডে আক্রান্ত হন তিনি। তাতে দৃষ্টিশক্তি হারান তিনি। চিকিৎসকেরা যখন জানান, মাসুদ আর দৃষ্টিশক্তি ফিরে পাবেন না, তখন হতাশ হয়ে পড়েন তাঁর পরিবারের সবাই।
মাসুদের বাবা সামাদ মিয়া বলেন, ‘১৯৯৩ সালে ১০ বছর বয়সে মাসুদকে টাঙ্গাইল শহরের বিবেকানন্দ উচ্চবিদ্যালয়ের প্রথম শ্রেণিতে ভর্তি করানো হয়। সেখানে ব্রেইল পদ্ধতিতে ১৯৯৯ সালে পঞ্চম শ্রেণি পাস করে। সে বছর বাড়িতে ফিরে মাসুদ পরিবারের সহায়তায় মুদির দোকান দেয়। চোখে দেখতে না পেলেও অনেকটা স্বাভাবিক মানুষের মতোই দোকান পরিচালনা করত।’ এতে মাসুদের যেমন আত্মবিশ্বাস বেড়ে যায়, তেমনি পরিবারের লোকজন আস্থা ফিরে পান। ২০০১ সালে মাসুদকে গাজীপুরের টঙ্গীতে প্রতিবন্ধী প্রশিক্ষণ কেন্দ্রে বাঁশ-বেতের কাজ শিখতে পাঠানো হয়। কিন্তু সেখানে নিজেকে খাপ খাওয়াতে পারেননি। কিছুদিন পর বাড়ি ফিরে এসে বাবার সঙ্গে কৃষিকাজ শুরু করেন। গরু পালন থেকে শুরু করে কৃষিকাজ সবই করতেন বাবার সঙ্গে। মাসুদ ও তাঁর বাবার উপার্জনে ছোট তিন ভাইবোন লেখাপড়া করে।
মাসুদ রানা জানান, ২০১১ সালে হাজার খানেক মুরগি নিয়ে স্থাপন করেন লেয়ার মুরগির খামার। এই খামারে দিনরাত একাই পরিশ্রম করতেন।
সম্প্রতি মঙ্গলহোড় গ্রামে ওই খামারে গিয়ে দেখা যায়, খামার থেকে ডিম সংগ্রহ, খাদ্য প্রদান, খামার পরিষ্কার-পরিচ্ছন্ন করা সবই করছেন মাসুদ। মাসুদ রানা জানান, তাঁর খামারে এখন ২ হাজার ৩০০ লেয়ার মুরগি রয়েছে। এ থেকে যা আয় হয় তাতে তাঁদের পরিবার খুব ভালোভাবে চলতে পারছে। খামারে ব্যস্ততা বেড়ে যাওয়ায় সাত হাজার টাকা বেতনে একজন কর্মচারীও রাখা হয়েছে। ছোট ভাই সোহেল ও রাসেল তাঁকে খামার করতে আর্থিক সহায়তা করলেও এখন আর তাঁদের সহায়তার প্রয়োজন হয় না। পুরো পরিবার চলছে মাসুদের আয়ে। এমনকি চার বছর আগে ছোট বোনের স্বামী মারা যাওয়ার পর থেকে বোনের সংসারেও খরচ বাবদ মাসে ১০ হাজার টাকা করে দিচ্ছেন মাসুদ।
মাসুদের মা মাসুমা বেগম বলেন, ‘মাসুদ এখন সংসারের হাল ধরেছে। আমরা ভেবেছিলাম অন্ধ ছেলে, কীভাবে জীবন চলবে। কিন্তু মাসুদ অন্ধত্বকে জয় করেছে।’
মাসুদ ২০০৫ সালে বিয়ে করেছেন নাটোরের বড়াইগ্রামে। তাঁর নয় বছরের একটি সন্তান রয়েছে। মাসুদের স্ত্রী রেখা আক্তার বলেন, তাঁর স্বামী চোখে না দেখলেও স্বাভাবিক মানুষের মতোই উপার্জন করছেন। তিনি কারও বোঝা নন। এ জন্য তাকে নিয়ে গর্ববোধ করেন তিনি।
পাথরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হানিফুজ্জামান বলেন, ‘মাসুদ আমাদের ইউনিয়নের গর্ব। তিনি সরকারি-বেসরকারি পর্যায়ে সহায়তা পেলে আরও এগিয়ে যেতে পারবেন।’
মাসুদ রানা বলেন, ‘প্রতিবন্ধীদের অবজ্ঞার চোখে দেখা উচিত নয়। তাদের জন্য কাজের পরিবেশ সৃষ্টি করে দেওয়া উচিত। সুযোগ ও সহায়তা পেলে প্রতিবন্ধিতাকে জয় করে আমার মতো অন্যরাও স্বাবলম্বী হতে পারবে। কেউ সমাজের বোঝা হয়ে থাকবে না।’