প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার মদন উপজেলায় এক প্রতিবন্ধী কিশোরীকে (১৭) ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। পরে স্থানীয় ব্যক্তিরা ওই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেন। আজ রোববার দুপুরে উপজেলার ফতেপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত যুবকের নাম নয়ন মিয়া (৩৬)। তিনি কিশোরগঞ্জের ইটনা উপজেলার রাজি গ্রামের বাসিন্দা।

এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, নয়ন মিয়া বিভিন্ন সময় মদনে এসে মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা ও সাহায্য চেয়ে চলেন। আজ বেলা দুইটার দিকে তিনি ফতেপুর ইউনিয়নের একটি গ্রামের পূর্বপরিচিত একটি বাড়িতে ভিক্ষা করতে যান। এ সময় বাড়ির সামনে শিশুদের ঝগড়া নিয়ে বড়রাও ঝগড়া বাধান। এ সুযোগে নয়ন মিয়া ওই শারীরিক ও বাক্প্রতিবন্ধী মেয়েটির ঘরে ঢুকে তাকে ধর্ষণ করেন। মেয়েটির মা এসে ঘটনাটি দেখে ফেললে নয়ন সটকে পড়ার চেষ্টা করেন। পরে বাড়ির লোকজন তাঁকে আটক করে পুলিশে খবর দেন। বিকেলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে নয়নকে তাদের হাতে সোপর্দ করা হয়। সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আটক নয়নকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল।

প্রতিবন্ধী ওই মেয়েটির মা বলেন, ধর্ষণের ফলে মেয়েটির রক্তক্ষরণ হচ্ছে। তিনি স্থানীয় পল্লিচিকিৎসকের পরামর্শে ওষুধ খাওয়াচ্ছেন। তিনি জানান, তাঁর এক ছেলে ও তিন মেয়ে। ওই তিন মেয়েই প্রতিবন্ধী। তবে ধর্ষণের শিকার মেয়েটি তাঁর তিন মেয়ের মধ্যে সবার বড়। নয়ন মিয়া বিভিন্ন সময় ভিক্ষা ও সাহায্য করতে এলে যথাসম্ভব সহযোগিতা করা হতো। বিভিন্ন সময় খাবার চাইলে খাবারও খেতে দেওয়া হতো। আজ দুপুরে নয়ন ঘরে ঢুকে তাঁর মেয়ের সর্বনাশ করেছেন। তিনি নয়নের দৃষ্টান্তমূলক শাস্তি চান।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম আজ সন্ধ্যা সাতটার দিকে প্রথম আলোকে জানান, ভিক্ষার ছলে নয়ন মিয়া নামের ওই যুবক প্রতিবন্ধী একটি মেয়েকে ধর্ষণ করেছেন মর্মে থানায় মামলার প্রস্তুতি চলছে। আটক নয়নের জিজ্ঞাসাবাদ চলছে।