প্রতিবন্ধী চা–দোকানদারকে গরম পানিতে ঝলসে দেওয়ার অভিযোগ, আটক ১
লক্ষ্মীপুরে প্রতিবন্ধী একজন এক চা–দোকানদাকে গরম পানি ছুড়ে ঝলসে দেওয়ার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের হামছাদী গ্রাম থেকে রিপন ভূঁইয়া নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। রিপন ভূঁইয়া নিজেকে আওয়ামী লীগের নেতা পরিচয় দিয়ে স্থানীয়ভাবে প্রভাব খাটাতেন। তবে দলে তাঁর কোনো পদ নেই।
এ ঘটনায় আহত আলমগীর হোসেনকে (৪৫) স্থানীয় ব্যক্তিরা উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। আলমগীর রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের সাইচা গ্রামের বাসিন্দা। তিনি কাজির দিঘীরপাড় বাজারে একটি চায়ের দোকান চালান।
আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, কয়েক বছর ধরে রিপন ভূঁইয়া প্রায়ই তাঁর দোকানে এসে চা-সিগারেটসহ বিভিন্ন খাবার খেয়ে টাকা দেন না। টাকা চাইলে পরে দেবেন বলে চলে যান। মাঝেমধ্যে দলবল নিয়ে এসেও খাবার খান, তবে টাকা দেন না। এরপর থেকে আর তাঁর বাকির হিসাব রাখা হয় না। রোববার সন্ধ্যায় দোকানে এসে রিপন চা-সিগারেট নেন। এ সময় টাকা চাইলে রিপন টাকা দেবেন না বলে জানান। এ সময় আলমগীর তাঁকে দোকানে না আসার জন্য বলেন। এ নিয়ে খেপে গিয়ে বাদানুবাদের একপর্যায়ে গ্যাসের চুলার ওপর থাকা গরম পানিসহ একটি চায়ের কেটলি তাঁর শরীরে ছুড়ে মারেন রিপন। এতে তাঁর হাত, হাঁটু, পিঠ, বুকসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। পরে স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। চা–দোকানদারকে গরম পানি মেরে ঝলসে দেওয়ার ঘটনায় রিপনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা হবে।