প্রতিবন্ধী তরুণীকে নির্যাতনের ভিডিও: মামলা দায়ের, গ্রেপ্তার ২
শরীয়তপুর সদর উপজেলার এক প্রতিবন্ধী তরুণীকে নির্যাতনের ঘটনায় পালং মডেল থানায় মামলা হয়েছে। গতকাল রোববার রাতে তিন ব্যক্তিকে আসামি করে একটি মামলা হয়। অন্যের বাড়িতে রাতের আঁধারে ঢুকে মারধর করা অভিযোগে মামলাটি করা হয়েছে।
পুলিশ ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে জমিল শরীফ ও দবির ফকির নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া ওই মামলার আরেক আসামি বাবু ফকিরকে গ্রেপ্তারে চেষ্টা করা হচ্ছে।
এক প্রতিবন্ধী তরুণীকে গভীর রাতে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ নিয়ে ‘গভীর রাতে প্রতিবন্ধী তরুণীকে নির্যাতন, ভিডিও ফেসবুকে’ শিরোনামে গতকাল প্রথম আলো অনলাইনে একটি সংবাদ প্রকাশিত হয়। এরপর পুলিশ তৎপর হয়। ওই ঘটনায় থানায় মামলা হয়। দুজনকে গ্রেপ্তার করা হয়। নির্যাতনের শিকার তরুণীর সন্ধান ও পরিচয় এখনো জানতে পারেনি পুলিশ।
পালং মডেল থানা ও স্থানীয় সূত্র জানায়, গত শনিবার থেকে ফেসবুকে এক তরুণীকে নির্যাতনের ভিডিও ছড়িয়ে পড়ে। ১২ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় গভীর রাতে একটি বসতঘরের সিঁড়ি বারান্দায় এক তরুণী বসে আছেন। সেখানে এক ব্যক্তি বসে ও আরেক ব্যক্তি দাঁড়িয়ে আছেন। তাঁরা কথা বলছিলেন। হঠাৎ বসে থাকা তরুণীকে পেটাতে থাকেন এক ব্যক্তি।
ফেসবুকের ওই ভিডিওর বিষয়ে খোঁজ নিয়ে জানা গেছে, নির্যাতনের শিকার তরুণী মানসিক প্রতিবন্ধী। সপ্তাহ খানেক আগে সদরের কুদ্দুস আকনের বাড়িতে রাত সোয়া ১২টার দিকে নির্যাতনের ঘটনাটি ঘটে। আর নির্যাতনকারী জামিল শরীফ ও বাবু ফকিরের বাড়ি ওই ঘটনাস্থল থেকে আধা কিলোমিটার দূরে।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন বলেন, নির্যাতনের ভিডিওটি পুলিশের হাতে আসার পরই ব্যবস্থা নেওয়া হয়েছে।