প্রতিবন্ধী ব্যক্তি উন্নয়ন অধিদপ্তরের কার্যক্রম শুরু করার দাবি

তিন বছর আগে প্রতিবন্ধী ব্যক্তি উন্নয়ন অধিদপ্তরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু এত দিনেও অধিদপ্তরের কার্যক্রম শুরু না হওয়াটা হতাশাজনক। অবিলম্বে এর বাস্তবায়নের দাবিতে গতকাল শনিবার চট্টগ্রামে মানববন্ধন করেছেন অর্ধশতাধিক প্রতিবন্ধী নর-নারী।
প্রতিবন্ধী নাগরিক সংগঠনের পরিষদ (পিএনএসপি) ব্যানারে সাতটি সংগঠন গতকাল সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রতিবন্ধী মানুষের জন্য শুধু সামাজিক নিরাপত্তা খাতেই কিছু কাজ হয়। অথচ শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, সংস্কৃতি, ক্রীড়াসহ সব খাতে প্রতিবন্ধী মানুষের জন্য উদ্যোগ গ্রহণ করা রাষ্ট্রের দায়িত্ব। তিন বছর আগে প্রধানমন্ত্রী প্রতিবন্ধী ব্যক্তি উন্নয়ন অধিদপ্তরের উদ্বোধন করলেও এখনো এর কার্যক্রম শুরু করা হয়নি। প্রতিবন্ধীদের কল্যাণে এর কার্যক্রম শুরু করতে হবে।
মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য দেন মুক্তিযুদ্ধবিষয়ক গবেষক মাহফুজুর রহমান, পিএনএসপির পরিচালক রফিক জামান, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার, কোস্টাল ডিপিও অ্যালায়েন্সের সাধারণ সম্পাদক স্বরূপানন্দ চক্রবর্তী, চন্দনাইশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রওশন চৌধুরী, পূর্ব বাকলিয়া প্রতিবন্ধী ব্যক্তি সংগঠনের আহ্বায়ক মুহম্মদ আলমগীর, বি-স্ক্যানের সভাপতি সাবরিনা সুলতানা, সিডাব চট্টগ্রামের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ।