প্রতিবন্ধী ভাতা ও কর্মসংস্থানের দাবিতে গোয়ালন্দে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতিবন্ধী ভাতা ও সরকারি–বেসরকারি কর্মসংস্থান নিশ্চিতের দাবিতে রাজবাড়ীর গোয়ালন্দে মানববন্ধন করেছে প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা তিনটি সংস্থা। আজ দুপুরে উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে
ছবি: প্রথম আলো

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় প্রতিবন্ধী ভাতা দুই হাজার টাকা করা এবং সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে প্রতিবন্ধীদের কর্মসংস্থান নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছে তিনটি সংস্থা। আজ শনিবার দুপুরে উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে গোয়ালন্দ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা, রাজবাড়ী প্রতিবন্ধী ব্যক্তি উন্নয়ন পরিষদ ও সামাজিক কল্যাণ মানবিক সংস্থা যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

গোয়ালন্দ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি রতন শেখের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সংস্থাটির সাধারণ সম্পাদক মো. মোন্নাব শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সিদ্দিক সরদার, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম, সদস্য মাজেদা বেগম প্রমুখ। আধা ঘণ্টাব্যাপী মানববন্ধনে তিনটি সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘আমরা প্রতিবন্ধীরা সব সময় অবহেলিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নের পাশাপাশি বিভিন্ন অবহেলিত সংগঠনকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা যাতে ভবিষ্যতে অন্তত দুই হাজার টাকা করে সম্মানী ভাতা পাই, সেই দাবি জানাচ্ছি। একই সঙ্গে প্রতিবন্ধীরা যাতে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করে বেঁচে থাকতে পারে তার নিশ্চয়তা চাই। যত দিন পর্যন্ত আমাদের দাবি আদায় হবে, তত দিন আমরা আন্দোলন চালিয়ে যাব।’

পরে তাঁদের দাবির সঙ্গে একাত্মতা পোষণ করে মানববন্ধনে যোগ দেন গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কাউন্সিলর নাসির উদ্দিন, দেবগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাফিজুল ইসলাম, স্থানীয় আওয়ামী লীগ নেতা উজ্জ্বল হোসেন, মতিয়ার রহমান, নিলু মণ্ডল প্রমুখ।