প্রতিবন্ধী ৪ ভাইবোন পান না ভাতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতিবন্ধী ভাতা না পাওয়া বাকি চার ভাইবোনের এ ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো
প্রতিবন্ধী ভাতা না পাওয়া বাকি চার ভাইবোনের এ ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় এক পরিবারে সাত ভাইবোন শারীরিক ও মানসিক প্রতিবন্ধী। তাঁরা কেউ কানে শোনেন না। কথাও বলতে পারেন না। চোখেও ঠিকমতো দেখতে পান না। চলাফেরা করতে পারেন না। তাঁদের মধ্যে তিন ভাইবোন প্রতিবন্ধী ভাতা পেলেও চারজন কোনো ভাতা পান না। বাকিদের ভাতার জন্য জনপ্রতিনিধিদের কাছে গিয়েও কোনো কাজ হয়নি বলে অভিযোগ রয়েছে।

প্রতিবন্ধী পরিবার ও এলাকাবাসী সূত্র জানায়, উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের শমশ্চুড়া গ্রামে মৃত ছফর উদ্দিনের ১১ সন্তানের মধ্যে দুই ভাই ও পাঁচ বোন বাক, শ্রবণ ও বুদ্ধিপ্রতিবন্ধী। তাঁদের দেখভালোর জন্য ওই বাড়িতেই তাঁদের বড় ভাই মোহাম্মদ আলী (৭২) বসবাস করেন। তাঁদের মধ্যে হাজেরা বেগম (৭০), জয়নাল আবেদীন (৫০) চার বছর আগে ও ফাতেমা বেগমকে (৪২) এক বছর আগে প্রতিবন্ধী ভাতার কার্ড দেওয়া হয়েছে। বাকি রমিজা বেগম (৫৮), রহিমা বেগম (৫৪), আজগর আলী (৫২) ও কুলসুম বেগম (৪৫) কার্ড পাননি।

স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, এই সাত ভাইবোন জন্ম থেকেই প্রতিবন্ধী। একসময় এলাকায় তাঁরা ভিক্ষা করতেন। ২০০৮ সালে তাঁদের নিয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেল বৈশাখীতে একটি প্রতিবেদন প্রচারিত হয়। তখন পরিবারটিকে সহায়তা দিতে এগিয়ে আসেন অনেকে। পরে নালিতাবাড়ী প্রেসক্লাবের সাংবাদিকেরা এই অসহায় পরিবারটির পাশে দাঁড়ান। তাঁরা এই ভাইবোনদের জন্য অগ্রণী ব্যাংক, নালিতাবাড়ী শাখায় একটি হিসাব নম্বর খুলে দেন। হৃদয়বান মানুষ এই হিসাব নম্বরে পরিবারটির জন্য অর্থিক সহায়তা পাঠান। সেই অর্থ থেকে পরিবারটিকে প্রতি মাসে নিত্যপ্রয়োজনীয় বাজার করে দেওয়া হয়।

বড় ভাই মোহাম্মদ আলী বলেন, তাঁরা কথা বলতে পারেন না। ইশারায় সবকিছু করেন। তা ছাড়া সবারই বয়স বাড়ায় বেশির ভাগ সময় অসুস্থ থাকেন। তাই বাকি চারজনের জন্যও জনপ্রতিনিধিদের অনেক অনুরোধ করা হয়। কিন্তু কোনো কাজ হচ্ছে না।

সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ মিয়া বলেন, তিনজনকে এরই মধে৵ প্রতিবন্ধী কার্ড দেওয়া হয়েছে। বাকি চারজনও যাতে শিগগিরই কার্ড পেতে পারেন, সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুর রহমান বলেন, ‘দুই-এক দিনের মধ্যে পরিবারটিকে দেখতে যাব। যাঁরা ভাতার কার্ড পাননি, তাঁরা যেন কার্ড পান সেই ব্যবস্থা করা হবে।’