প্রতিবাদে বিক্ষোভ ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার কুন্ডা উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির এক শ্রবণপ্রতিবন্ধী ছাত্রীকে স্থানীয় এক যুবক ধর্ষণের চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। 
এ ঘটনার প্রতিবাদে গতকাল বুধবার ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষা না দিয়ে বিক্ষোভ করেছে। তারা অভিযুক্ত তিন যুবকের বাড়িতে ভাঙচুরও চালিয়েছে।
কুন্ডা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সহিদুল হক জানান, গত মঙ্গলবার বিকেলে ওই ছাত্রী পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে আন্দ্রাবহ-বেরুইন গ্রামের মধ্যবর্তী স্থানে স্থানীয় যুবক ওমর আলী, সফিক মিয়া ও রাজ্জাক মিয়া তার ওপর হামলা করে এবং ধর্ষণের চেষ্টা চালায়।
এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে যুবকেরা পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। পরে মেয়েটির পরিবার বিষয়টি প্রধান শিক্ষককে অবহিত করে।
এদিকে এ ঘটনার প্রতিবাদে গতকাল সকালে শিক্ষার্থীরা বিদ্যালয়ে পরীক্ষা দিতে গিয়ে অভিযুক্ত ব্যক্তিদের বিচারের দাবিতে মিছিল বের করে। কয়েক শ শিক্ষার্থী মিছিল নিয়ে বেরুইন গ্রামে গিয়ে ওমর আলী, সফিক মিয়া ও রাজ্জাক মিয়ার বাড়িঘরে ভাঙচুর চালায়।
প্রধান শিক্ষক প্রথম আলোকে বলেন, শিক্ষার্থীদের বিক্ষোভের কারণে গতকাল বিদ্যালয়ে নবম ও দশম শ্রেণির সামাজিক বিজ্ঞান ও সাধারণ বিজ্ঞান এবং ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। এই পরীক্ষা ১৭ ডিসেম্বর নেওয়া হবে বলে তিনি জানান।
নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী মোয়াজ্জম আহমদ জানান, এ ব্যাপারে বখাটেদের বিরুদ্ধে থানায় মামলা দিতে প্রধান শিক্ষক ও ছাত্রীর পরিবারকে নির্দেশ দেওয়া হয়েছে। এলাকাবাসীর মাধ্যমে তিনি জানতে পেরেছেন, অভিযুক্ত তিন যুবকের বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে।