মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কোলা ইউনিয়নে আওয়ামী লীগে যোগদান করা বিএনপির সাবেক এক নেতাকে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন দেওয়ার জন্য বাছাই করা হয়েছে। এ ঘটনায় মনোনয়নবঞ্চিত আওয়ামী লীগের নেতা ও তাঁর কর্মীরা গতকাল বুধবার মুন্সিগঞ্জ-শ্রীনগর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
আওয়ামী লীগে যোগদানকারী ওই নেতা হলেন বর্তমান কোলা ইউপির চেয়ারম্যান লিয়াকত মীর। এর আগে লিয়াকত কোলা ইউনিয়ন বিএনপির সদস্য ছিলেন। দুই সপ্তাহ আগে তিনি আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগদান করেন।
আওয়ামী লীগের স্থানীয় সূত্র জানায়, প্রথম ধাপে আগামী ২২ মার্চ সিরাজদিখানের ১০ ইউপির নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে কোলা ইউনিয়নও রয়েছে। নির্বাচনের জন্য আওয়ামী লীগের প্রার্থী বাছাই করা হয় গত সোমবার। মনোনয়ন বাছাই কমিটি চেয়ারম্যান পদে কোলা ইউনিয়নে লিয়াকত মীরকে প্রার্থী হিসেবে বাছাই করে। এতে ইউনিয়ন আওয়ামী লীগের অন্য মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।