প্রতিবেশীদের হামলায় চা–শ্রমিক নেতার স্ত্রীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় প্রতিবেশীদের হামলায় চা–শ্রমিক নেতার স্ত্রীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল বুধবার রাত ১০টার দিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় আহত হয়েছেন ওই নারীর ছেলে ও ছেলের বউ। গতকাল বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার ভাড়াউড়া চা–বাগানে হামলার ঘটনাটি ঘটে।

মারা যাওয়া ওই নারীর নাম রূপবতী হাজরা। তিনি বাংলাদেশ চা–শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরার স্ত্রী। আহত হয়েছেন রূপবতী হাজরার ছেলে সাধন হাজরা (৩০) ও ছেলের বউ সাথী হাজরা (২৫)।

আহত সাধন হাজরা বলেন, কিছুদিন আগে রাস্তার ওপর থেকে গোবর সরানো নিয়ে প্রতিবেশী মৃত হীরালালের ছেলে লাল বাহাদুর, ধন বাহাদুর ও আশু বাহাদুরের সঙ্গে তাঁদের পরিবারের দ্বন্দ্ব হয়। সেই দ্বন্দ্বের জেরে গতকাল বিকেলে তাঁদের পরিবারের সদস্যদের ওপর হামলা চালান তাঁরা। এতে তাঁর মা, তিনি ও তাঁর স্ত্রী আহত হয়েছেন। আশপাশের লোকজন তাঁদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখান থেকে তাঁর মাকে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। পরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মা মারা যান।

এ বিষয়ে জানার জন্য অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।

শ্রীমঙ্গল থানার পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন প্রথম আলোকে বলেন, নিহত নারীর লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় অভিযুক্ত বিকাশ হাজরা (৩০), লাল বাহাদুর (৩৭), রিপন হাজরা (১৯), ধলেশ্বরী হাজরা (৪৫) নামের চারজনকে আটক করা হয়েছে। তাঁদের মৌলভীবাজার আদালতে পাঠানো হবে। এ ঘটনায় মৃত রূপবতী হাজরার ছেলে সাধন হাজরা বাদী হয়ে থানায় মামলা করেছেন।