প্রতিবেশীদের হামলায় বাবা–ছেলে টেঁটাবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেঁটাবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন মো. ইদ্রিস আলী। বৃহস্পতিবার নরসিংদীর সদর হাসপাতালে
ছবি: সংগৃহীত

নরসিংদীর রায়পুরা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে প্রতিবেশীদের হামলায় একই পরিবারের দুজন টেঁটাবিদ্ধ হয়েছেন। আহত হয়েছেন তিনজন। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার চরসুবুদ্দি ইউনিয়নের বড়ইতলা গ্রামে এ ঘটনা ঘটে।

টেঁটাবিদ্ধ দুজন হলেন রায়পুরার চরসুবুদ্দি ইউনিয়নের বড়ইতলা গ্রামের মো. ইদ্রিস আলী (৫৫) ও তাঁর ছেলে আলী হোসেন (৩০)। তাঁদের দুজনকে নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, বড়ইতলা গ্রামের পাশাপাশি দুই পরিবারের মধ্যে নানা বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। মঙ্গলবার সন্ধ্যার দিকে মো. ইদ্রিস আলী স্থানীয় বাজার থেকে বাড়ি ফেরার সময় প্রতিবেশী মোখলেছ মিয়ার সঙ্গে কথা-কাটাকাটি হয়। এর জেরে আজ সকাল ৬টার দিকে ইদ্রিস আলীর বড় ছেলে মুক্তার হোসেন কাজে বের হলে তাঁর পথরোধ করেন মোখলেছের পরিবারের সদস্যরা। মুক্তারকে মারধর করা হলে বাধা দিতে যান মো. ইদ্রিস আলী। এ সময় টেঁটা ছোড়া হলে ইদ্রিস আলী ও তাঁর ছেলে আলী হোসেন টেঁটাবিদ্ধ হন। এলোপাতাড়ি ইটপাটকেল নিক্ষেপে আহত হয়েছেন অপর তিনজন।

টেঁটাবিদ্ধ আলী হোসেন অভিযোগ করেন, মোখলেছ মিয়া, তাঁর ছেলে ইউনুস ও সাইফুলসহ অন্তত ১৫–২০ জন মিলে তাঁদের ওপর হামলা চালিয়েছেন। এ ঘটনায় তাঁরা রায়পুরা থানায় মামলা করবেন।

নরসিংদীর সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রোখসানা আক্তার বলেন, দুজনকে টেঁটাবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। ইদ্রিস আলীর হাত ও পা থেকে এবং আলী হোসেনের হাত থেকে টেঁটা অপসারণ করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ইদ্রিস আলীকে হাসপাতালে ভর্তি হতে বলা হয়েছে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বলেন, আগের বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে পুলিশ। এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।