প্রতিবেশীরা দেখল পানিতে ভাসছে শিশুটি
নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে পূর্ব নলুয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত তুফা মণি ওই এলাকার কৃষক মো. নুরুজ্জামান মিয়ার মেয়ে। এলাকার কয়েকজন বাসিন্দা ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে তুফা মণির মা রাবেয়া খাতুন দুপুরের রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় শিশুটি বাড়ির উঠানে খেলা করছিল। একপর্যায়ে সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় সে।
কিছুক্ষণ পর উঠানে তুফাকে না পেয়ে তার মা খোঁজাখুঁজি শুরু করেন। পরে প্রতিবেশীরা শিশুটির লাশ পুকুরের পানিতে ভাসতে দেখেন। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহনুর এ আলম বলেন, আবেদনের পরিপ্রেক্ষিতে তুফা মণির লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।