প্রতিমন্ত্রী পরিচয়ে সরকারিভাবে হজে পাঠানোর কথা বলে প্রতারণা, গ্রেপ্তার ১
পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল-৫ (সদর) আসনের সাংসদ কর্নেল (অব.) জাহিদ ফারুকের নাম ব্যবহার করে সরকারি খরচে পবিত্র হজে পাঠানোর কথা বলে টাকা দাবি করার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম খান আবি আবদুল্লাহ। তিনি বরিশাল নগরের কালীবাড়ি রোড এলাকার আবু সালেহ ধলু মিয়ার ছেলে।
বরিশাল সদরের বিভিন্ন এলাকার বেশ কয়েকজনের কাছে প্রতিমন্ত্রীর পরিচয়ে সরকারি ব্যয়ে হজে পাঠানোর কথা বলে ৭০ হাজার টাকা করে দাবি করে একটি প্রতারক চক্র। চলতি মাসের শুরুর দিকে এসব ঘটনায় প্রতিমন্ত্রীর পক্ষে ৪ মার্চ বরিশাল নগরের চারটি থানায় পৃথক চারটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এর মধ্যে নগরের বরিশাল নগরের কোতোয়ালি মডেল থানায় জুবায়ের আবদুল্লাহ, কাউনিয়া থানায় আসিফ মাহামুদ, বন্দর থানায় মীর বাহাদুর হোসেন এবং বিমানবন্দর থানায় সালমান রাশেদ বাদী হয়ে চারটি জিডি করেন।
জুবায়েরের দায়ের করা জিডির তদন্ত কর্মকর্তা কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) নূর ইসলাম বিভিন্ন মাধ্যমে তদন্ত শেষে প্রাথমিকভাবে এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত করতে সক্ষম হন। এসআই নূর ইসলাম বলেন, ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে প্রতারকের অবস্থান নিশ্চিত করা হয়। এরপর গৌরনদী পুলিশের সহযোগিতায় শুক্রবার সকাল ১০টায় গৌরনদী উপজেলা সদরের বাজার এলাকায় অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
ওই প্রতারক প্রতিমন্ত্রী জাহিদ ফারুক পরিচয়ে এক ব্যক্তির সঙ্গে কথা বলায়। তিনি কথা বলার আগে ‘প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম বলছি’ বলে কথা শুরু করেন।
এসআই নূর আরও জানান, জিজ্ঞাসাবাদে আবি আবদুল্লাহ ওরফে টুকু স্বীকার করেছেন, তিনি মুঠোফোনের মাধ্যমে প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের নাম ভাঙিয়ে বিভিন্ন ব্যক্তির কাছে টাকা চেয়েছেন। এ ঘটনায় জুবায়েরের দায়ের করা জিডিটি মামলায় রূপান্তর করা হয়েছে এবং ওই মামলায় তাঁকে আদালতে সোপর্দ করা হবে।
৩ মার্চ একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাদিজা বেগমের মুঠোফোন নম্বরে একটি কল আসে। তাতে পানিসম্পদ প্রতিমন্ত্রীর তত্ত্বাবধানে কিছুসংখ্যক লোককে সরকারিভাবে হজে পাঠানোর জন্য বাছাই করা হয়েছে, যেখানে খাদিজার নামও রয়েছে বলে জানায় প্রতারক। এরপর প্রতারক প্রতিমন্ত্রী জাহিদ ফারুক পরিচয়ে এক ব্যক্তির সঙ্গে কথা বলায়। তিনি কথা বলার আগে ‘প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম বলছি’ বলে কথা শুরু করেন।
প্রতিমন্ত্রী পরিচয় দেওয়া ব্যক্তি খাদিজার কাছে ৭৫ হাজার টাকা বিকাশ করার জন্য বলেন। এরপর ৩ মার্চ বেলা তিনটা থেকে বিকেল চারটার মধ্যে বরিশাল সার্কিট হাউসে উপস্থিত থাকার জন্য বলা হয়। সেখানে সরকারিভাবে হজে যাওয়ার জন্য নির্বাচিত ব্যক্তিদের নিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ওই অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে ৬০ হাজার টাকার একটি চেক দেওয়া হবে। যত দ্রুত সম্ভব টাকা পাঠানোর তাগিদ দেয় প্রতারক চক্র।
বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য খাদিজা প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী শফিকুল ইসলামকে ফোন করেন। তখন শফিকুল তাঁকে জানান, এটা প্রতারক চক্রের কাজ। এ ধরনের কোনো সিদ্ধান্তই হয়নি। তিনি ওই নারীকে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেন। একইভাবে আরও বেশ কয়েকজনের কাছে একই মুঠোফোন নম্বর থেকে টাকা চাওয়া হলে চার ব্যক্তি বরিশাল মেট্রোপলিটনের চার থানায় চারটি জিডি করেন।
বরিশাল কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন আজ শনিবার বিকেলে প্রথম আলোকে বলেন, শুক্রবার সকালে আটক আবি আবদুল্লাহকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।