প্রতিমন্ত্রীপন্থী দুজনকে কোপানোর ঘটনায় মেয়রপন্থী আ.লীগ নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশাল বাস–মিনিবাস শ্রমিক ইউনিয়নের (একাংশ) সাধারণ সম্পাদক সুমন মোল্লাকে কুপিয়ে গুরুতর জখম করা হয়।
ফাইল ছবি

পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের দুই অনুসারীকে কুপিয়ে জখমের ঘটনায় বরিশাল নগরের ২৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. সিদ্দিকুর রহমান ওরফে মাসুমকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর অনুসারী। গতকাল সোমবার রাতে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

প্রতিমন্ত্রীর আহত দুই অনুসারী হলেন জেলা বাস-মিনিবাস-মাইক্রোবাস-কোচ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সুমন মোল্লা (৪০) ও তাঁর সহযোগী আল আমিন (২৫)।

বরিশাল কোতোয়ালি থানার পুলিশ জানায়, এ ঘটনায় গতকাল গভীর রাতে আহত সুমন মোল্লার মা সেতারা বেগম বাদী হয়ে ১৫ জনকে আসামি করে এবং আরও ১৫ থেকে ২০ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা করেন। বরিশাল কোতোয়ালি মডেল থানায় এই মামলা করেন তিনি। মামলায় প্রধান আসামি করা হয়েছে নগরের ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাইদুর রহমান ওরফে জাকির মোল্লাকে। এ ছাড়া মামলার ২ নম্বর আসামি করা হয়েছে মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান ওরফে মনির মোল্লা এবং ৩ নম্বর আসামি করা হয়েছে গ্রেপ্তার হওয়া ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সিদ্দিকুর রহমানকে।

বরিশাল কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. লোকমান হোসেন মামলার হওয়ার বিষয়টি আজ মঙ্গলবার সকালে প্রথম আলোকে নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। বাসস্ট্যান্ডসহ রূপাতলী এলাকার পরিস্থিতি এখন শান্ত। সেখানে নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন আছে।

বরিশাল নগরের রূপাতলী বাসস্ট্যান্ডে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক সপ্তাহ ধরে উত্তেজনা চলছিল। এ ঘটনার মধ্যেই গতকাল ইফতারের আগে জেলা বাস-মিনিবাস-মাইক্রোবাস-কোচ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সুমন মোল্লা ও তাঁর সহযোগী আল আমিনকে কুপিয়ে গুরুতর জখম করে সন্ত্রাসীরা। সুমন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের অনুসারী শ্রমিক ইউনিয়নের একাংশের সাধারণ সম্পাদক। বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর অনুসারী শ্রমিকেরা এই ঘটনা ঘটান বলে অভিযোগ।

গতকাল ইফতারের আগে রূপাতলীসংলগ্ন বসুন্ধরা হাউজিংয়ে সুমন মোল্লার বাড়িতে এ হামলা চালানো হয়। এ সময় তাঁর বাড়িসহ তিনটি বাড়িতে ভাঙচুর চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুমন মোল্লার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, সুমন মোল্লার মাথায় গুরুতর জখম হয়েছে। এ ছাড়া তিনি হাতে আঘাত পেয়েছেন।

সুমন মোল্লার স্ত্রী আইরিন আক্তার প্রথম আলোকে বলেন, গতকাল ইফতার করতে সুমন বাড়িতে আসেন। ইফতারের ৬ থেকে ৭ মিনিট আগে যখন তিনি বাড়িতে ঢুকছিলেন, তখন ২৫ থেকে ৩০ জন অস্ত্রধারী তাঁকে ধরে নিয়ে প্রকাশ্যে কোপাতে থাকে। তখন সুমনের সঙ্গে থাকা আল আমিন তাঁকে বাঁচাতে গেলে তাঁকেও কুপিয়ে জখম করা হয়। এ সময় সুমনের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে সন্ত্রাসীরা তাঁদের ওপর চড়াও হয় এবং পাশের আরও দুটি বাড়িতে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। তাঁর অভিযোগ, মেয়রের নির্দেশে তাঁর লোকেরা এ হামলা চালিয়েছে।

সুমন মোল্লার মা সেতারা বেগম অভিযোগ করেন, ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাইদুর রহমান, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান, ২৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. সিদ্দিকুর রহমানের নেতৃত্বে সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে। বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিতে তাঁর ছেলের ওপর এ হামলা হয়েছে।

আরও পড়ুন

তবে ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাইদুর রহমান গত রাতে এই হামলায় তিনি ও অন্যদের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি সুমন মোল্লার বাড়ির ওখানে ঝামেলা হচ্ছে জেনে গিয়েছিলাম। হামলার সঙ্গে আমি জড়িত নই।’

অভিযোগের বিষয়ে মেয়রের অনুসারী ‘বরিশাল জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন’-এর সভাপতি পরিমল চন্দ্র দাস রাত পৌনে নয়টার দিকে প্রথম আলোকে বলেন, ‘আমরা আজ রূপাতলী এলাকায় যাইনি। তাই এটা কারা করেছে, সে ব্যাপারে কিছুই জানি না। কেউ অভিযোগ করলেই সেটা সত্য হয়ে যায় না। ওখানে কী ঘটেছে, সেটা আমাদের জানা নেই।’

এর আগে গত রোববার দুপুরে মেয়রের অনুসারী শ্রমিক ইউনিয়নের শ্রমিকেরা প্রতিমন্ত্রীর অনুসারী শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালান বলে অভিযোগ পাওয়া গেছে। ওই হামলায় বরিশাল সদর আসনের সাংসদ ও পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের অনুসারী শ্রমিক ইউনিয়নের সভাপতি সুলতান মাহমুদ ও তাঁর পক্ষের ১৫ জন শ্রমিক আহত হন।

শ্রমিকদের একটি সূত্র জানায়, রূপাতলী বাসস্ট্যান্ডকেন্দ্রিক শ্রমিক ইউনিয়নের দখল নিয়ে মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ও পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের অনুসারীদের মধ্যে বিরোধ দীর্ঘদিনের। এর আগে শ্রমিক ইউনিয়নের দখল নিয়ে দুই পক্ষ পাল্টাপাল্টি কমিটি গঠন করে।

এ নিয়ে প্রতিমন্ত্রীর অনুসারীরা মেয়রের অনুসারী কমিটিকে অবৈধ ও নির্বাচনের দাবি জানিয়ে আদালতে মামলা করেছেন। মামলাটি বর্তমানে বিচারাধীন। মেয়রের অনুসারী শ্রমিক ইউনিয়নের একাংশের সভাপতি ও মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক আহম্মেদ শাহরিয়ার নেতৃত্ব দিচ্ছেন। অন্যদিকে, প্রতিমন্ত্রীর অনুসারী শ্রমিক ইউনিয়নের নেতৃত্ব দিচ্ছেন শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ও তাঁদের ঘোষিত কমিটির সভাপতি সুলতান মাহমুদ ও সাধারণ সম্পাদক সুমন মোল্লা।