চট্টগ্রামের নবনির্বাচিত মেয়র যাতে নিজের কাজের পরিধির মধ্যে নগরবাসীকে সর্বোচ্চ সেবা দেন সেটাই চাওয়া সদ্য বিদায়ী মেয়রের। সাবেক আরেক মেয়রের পরামর্শ পরিচ্ছন্নতা, শিক্ষা ও স্বাস্থ্য—এই তিনটি বিষয়ের ওপর নতুন মেয়র জোর দেবেন।
নতুন মেয়র আ জ ম নাছির উদ্দিনকে শুরুতেই তাঁর দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে মনোযোগী হওয়ার পরামর্শ দেন সাবেক দুই মেয়র ও নগর বিশেষজ্ঞরা। তাঁদের মতে, নগরের সমস্যাগুলো চিহ্নিত করে স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের ওপর গুরুত্ব দিতে হবে নতুন মেয়রকে। স্বল্প মেয়াদে নগরের পরিচ্ছন্নতা ও নালা-নর্দমা সংস্কারের কাজ শুরু করতে হবে। আর জলাবদ্ধতা দূর করতে ড্রেনেজ মাস্টারপ্ল্যান বাস্তবায়নের নজর দিতে হবে।
এ বিষয়ে সদ্য বিদায়ী মেয়র মোহাম্মদ মনজুর আলম প্রথম আলোকে বলেন, ‘আমি এখন নগরের একজন সাধারণ নাগরিক। সিটি করপোরেশনের কাজের পরিধি উল্লেখ আছে। একজন নাগরিক হিসেবে নতুন মেয়রকে অনুরোধ করব, তিনি যেন কাজের পরিধির মধ্যে থেকে নগরবাসীকে সর্বোচ্চ সেবা দেন।’
নির্বাচিত হলে চট্টগ্রামকে ‘আইডল গ্রিন মেগাসিটি’ হিসেবে গড়ে তোলার কথা ইশতেহারে উল্লেখ করেছিলেন আ জ ম নাছির উদ্দিন। জলাবদ্ধতা রোধে বিশেষজ্ঞদের পরামর্শের ভিত্তিতে স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথাও বলেছিলেন তিনি।
চট্টগ্রামের তিনবারের মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী মনে করেন, ইশতেহারে তিনি (আ জ ম নাছির উদ্দিন) যেসব প্রতিশ্রুতি দিয়েছেন, তা বাস্তবায়নের ওপর জোর দিতে হবে। জলাবদ্ধতা নগরের অন্যতম প্রধান সমস্যা, যার জন্য স্বল্প, মধ্যম ও দীর্ঘ মেয়াদের পরিকল্পনা বাস্তবায়নে উদ্যোগী হতে হবে।
মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘পরিচ্ছন্ন নগর, শিক্ষা ও স্বাস্থ্য—এই তিনটি বিষয়ের ওপর জোর দিতে হবে। স্বল্প মেয়াদের পরিকল্পনায় এই তিনটি বিষয় যেন অগ্রাধিকার পায়। এ ছাড়া তিনি নগরকে ডিজিটালের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন। তরুণ সমাজের কথা ভেবে সেদিকে নজর দিতে হবে।’
আ জ ম নাছির উদ্দিন নির্বাচনের আগে গত ২২ এপ্রিল ৩২ পৃষ্ঠার ইশতেহার ঘোষণা করেন। ইশতেহারে তিনি নগরের জলাবদ্ধতা দূর, পানি দূষণ ও পানি সংকট দূর, স্বাস্থ্য সুরক্ষা, তথ্যপ্রযুক্তি ও স্বনির্ভরতা, পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ, ডিজিটাল নগর গড়ে তোলা, যাতায়াত ও পরিবহন ব্যবস্থার উন্নয়ন, আবাসন সংকট নিরসন, বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ, ক্রীড়া ও বিনোদন ব্যবস্থার উন্নয়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ে তোলা, পথচারী শৌচাগার উন্নয়ন, আয়বর্ধক প্রকল্প গ্রহণ, ফরমালিনমুক্ত বাজার ব্যবস্থাপনা, আধুনিক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
নগর বিশেষজ্ঞরা মনে করেন, চট্টগ্রামের উন্নয়নে দীর্ঘ মেয়াদে পরিকল্পনা সেভাবে বাস্তবায়ন হয়নি। বারবার ড্রেনেজ মাস্টারপ্ল্যান বাস্তবায়নের কথা বলা হলেও সাবেক মেয়ররা বেশির ভাগ ক্ষেত্রেই সেই পথে হাঁটেননি। অথচ ড্রেনেজ মাস্টারপ্ল্যান গ্রহণ করা হয় ১৯৯৫ সালে। আগের মেয়ররা রুটিন কাজে বেশি সময় ব্যয় করেছেন। এ কারণে নগরে জলাবদ্ধতা বড় সমস্যা হিসেবে দেখা দেয়। এবার এবং ২০১০ সালে অনুষ্ঠিত সিটি নির্বাচনে প্রতিপক্ষকে ঘায়েল করতে ‘জলাবদ্ধতা’ অন্যতম অস্ত্র হিসেবে ব্যবহার হয়। ওই নির্বাচনে মহিউদ্দিনকে হারিয়ে জয়ী হন মনজুর আলম।
নতুন মেয়রের কাজে কোন কোন বিষয় অগ্রাধিকার পাওয়া প্রয়োজন, এ বিষয়ে বিষয়ে নগর পরিকল্পনাবিদ ও পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের সাধারণ সম্পাদক স্থপতি জেরিনা হোসেন প্রথম আলোকে বলেন, ‘প্রথম কাজ হবে চট্টগ্রামের সমস্যাগুলোর কারণ কী তা চিহ্নিত করা এবং বাস্তবতার নিরিখে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে বাস্তবায়নের দিকে এগিয়ে যাওয়া। দলমতের ঊর্ধ্বে উঠে তাঁকে নগরের স্বার্থ দেখতে হবে।’
বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট চট্টগ্রামের সাবেক সভাপতি প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদার প্রথম আলোকে বলেন, ‘জলাবদ্ধতা কমানো ও পরিচ্ছন্ন নগরের গৌরব ফিরিয়ে আনার দিকে নতুন মেয়রকে যেমন দৃষ্টি দিতে হবে, তেমনি ফুটপাত দখলমুক্ত, যানজট কমানো, স্বাস্থ্য ও শিক্ষার ক্ষেত্রেও নতুনভাবে চিন্তাভাবনা করতে হবে।’ তাঁর পরামর্শ, স্বল্প মেয়াদে যেসব কাজ করা হবে তা যেন দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হয়। সমন্বয়হীনতার অভাব চট্টগ্রামের নগর সমস্যার অন্যতম কারণ। সেদিকে নতুন মেয়রের দৃষ্টি থাকা উচিত। আর যেকোনো কাজ করার আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।
এ বিষয়ে বাংলাদেশ প্ল্যানার্স ইনস্টিটিউট চট্টগ্রাম চ্যাপ্টারের সভাপতি প্রকৌশলী আলী আশরাফ বলেন, ‘আমি তো মনে করি নতুন মেয়রের উচিত হবে প্রথম দিন থেকেই বিভিন্ন প্রকল্পের ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানো। পাশাপাশি নগরের আবর্জনা দূর করার জন্য কার্যকর পরিকল্পনা হাতে নেওয়া। পরিচ্ছন্নতার গৌরব ফিরিয়ে আনতে তেমন অর্থ খরচ হবে না। আর জলাবদ্ধতা দূর করার জন্য ড্রেনেজ মাস্টারপ্ল্যানের সঙ্গে সমন্বয় সাধন করতে হবে।’