প্রতিষ্ঠানকে দায়বদ্ধ করে সঠিক হিসাব প্রণয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলো কার্যালয়ে গতকাল ‘অ্যাকাউন্ট্যান্সিতে নৈতিকতা ও দায়বদ্ধতা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে আলোচকেরা l প্রথম আলো
প্রথম আলো কার্যালয়ে গতকাল ‘অ্যাকাউন্ট্যান্সিতে নৈতিকতা ও দায়বদ্ধতা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে আলোচকেরা l প্রথম আলো

সঠিকভাবে তৈরি হিসাব বিবরণী একটি প্রতিষ্ঠানকে যেমন সঠিকভাবে তুলে ধরে, তেমনি ওই প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থাও বাড়ায়। সে কারণে নৈতিকতা ও দায়বদ্ধতার মানদণ্ডে হিসাব বিবরণী তৈরি করা প্রয়োজন। হিসাবরক্ষণের কাজ শুধু হিসাব-নিকাশ করা নয়, সমাজের কাছে প্রতিষ্ঠানকে দায়বদ্ধও করা। 

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ

তবে অনেক সময় মালিকপক্ষের চাপে হিসাববিদেরা সঠিকভাবে বিবরণী প্রস্তুত করতে পারেন না। আবার নিরীক্ষকেরাও যথাযথভাবে ওই হিসাব নিরীক্ষা করেন না। এই সংস্কৃতি ভাঙতে ব্যবসার সামগ্রিক পরিবেশের পরিবর্তন প্রয়োজন। একই সঙ্গে হিসাব বিবরণী তৈরি এবং নিরীক্ষার সঙ্গে জড়িতদের জন্য একটি সমন্বিত আচরণবিধি (কোড অব কন্ডাক্ট) থাকা প্রয়োজন। এ বিষয়ে একটি স্বাধীন কর্তৃপক্ষও থাকা উচিত।
প্রথম আলো আয়োজিত ‘অ্যাকাউন্ট্যান্সিতে নৈতিকতা ও দায়বদ্ধতা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেছেন। গতকাল শনিবার কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এটি আয়োজনে সহায়তা করেছে দি অ্যাসোসিয়েশন অব চার্টার্ড সার্টিফায়েড অ্যাকাউন্ট্যান্টস (এসিসিএ)।
বৈঠকের প্রধান অতিথি বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, আগের ভুলত্রুটির আলোকে সরকার শেয়ারবাজারে ডিমিউচুয়ালাইজেশন (ব্যবস্থাপনা থেকে মালিকানা পৃথক) করেছে। এতে এখন ভুলত্রুটি অনেক কমেছে।
‘সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বৈঠকের কথা উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বর্তমানে এলডিসি (স্বল্পোন্নত দেশ) হিসেবে আমরা ইইউ থেকে জিএসপি (অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার) সুবিধা পাই। বাংলাদেশ যদি মধ্যম আয়ের দেশে উন্নীত হয়, তাহলে তো আর এই সুবিধা পাওয়ার কথা না। তবে ইইউ আমাকে জানিয়েছে, বাংলাদেশের যদি এলডিসি না-ও থাকে তাহলেও আমাদের জিএসপি সুবিধা দেওয়া হবে, সেটার নাম হবে জিএসপি প্লাস।’ সরকারের এই মেয়াদের মধ্যেই রপ্তানি আয় চার হাজার কোটি ডলার ছাড়িয়ে যাবে বলে আশা করেন তিনি।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান আবদুল মজিদ বলেন, কার্যক্রমে নৈতিকতা ও দায়বদ্ধতা থাকলেই কোনো প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থা বাড়ে। ২০০৩ সাল থেকেই দেশে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং আইন প্রণয়নের প্রক্রিয়া চলছে। এখনো তা কার্যকর হয়নি। এই আইনের অধীনে একটি ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল করার কথা। সেটাও হয়নি। এই কাউন্সিলটি একটি স্বতন্ত্র কর্তৃপক্ষ হিসেবে কাজ করতে পারে।
এনবিআরের এই সাবেক চেয়ারম্যান আরও বলেন, গুরুতর অনিয়ম, জালিয়াতির জন্য দুই-একটি প্রতিষ্ঠানকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া গেলে হয়তো তা নৈতিকতা পালনে অন্যদের সতর্ক করবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক স্বপন কুমার বালা বলেন, হিসাব বিবরণী নিয়ে এর প্রস্তুতকারী ও ব্যবহারকারীদের মধ্যে স্বার্থের বিষয় আছে। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ চাইবেই তার স্বার্থ সংরক্ষণ করতে। আবার ব্যবহারকারীর পক্ষে এটা যাচাই করা সম্ভব নয়। সে জন্যই এটা নিরীক্ষা করতে হয়।
স্বপন কুমার বলেন, আগে আইপিওর তথ্য ওয়েবসাইটে দেওয়া হতো। কিন্তু ২০১০ সালে তা বন্ধ করে দেওয়া হয়। জনস্বার্থ আছে—এমন তথ্যগুলো গণমাধ্যমে দিলে দায়বদ্ধতা আরও বাড়ত।
ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) সভাপতি শওকত হোসেন বলেন, আইসিএবির একটি শৃঙ্ক্ষলা রক্ষা কমিটি আছে। অনিয়মের সঙ্গে জড়িতদের এক বা দুই বছরের জন্য বহিষ্কার করা হয়। কিন্তু দেখা যায়, তাঁরা আদালত থেকে স্থগিতাদেশ নিয়ে আবার কাজ শুরু করেন। তিনি আরও বলেন, ‘ডিএসইতে ৩২৫টি তালিকাভুক্ত কোম্পানি আছে। তাদের নজরদারি করে ডিএসই। কিন্তু হাজার হাজার কোম্পানি তালিকাভুক্ত নয়। তাদের নজরদারি করবে কে?’
এসিসিএর এ দেশীয় ব্যবস্থাপক মহুয়া রশীদ বলেন, একটি প্রতিষ্ঠানের হিসাব যথাযথভাবে সংরক্ষণ করা হলে বিনিয়োগকারীরা এতে আস্থা পান। এসিসিএ সম্পন্নকারীরা যেন নৈতিকতার সঙ্গে তাঁদের কাজটি করতে পারেন, সেজন্য এসিসিএর কারিকুলামের একটি অংশই হচ্ছে নৈতিকতা। এটা বিশ্বব্যাপী এসিসিএতে পড়ানো হয়।
ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) সভাপতি মোহাম্মদ সেলিম বলেন, কোনো প্রতিষ্ঠানের হিসাব বিবরণীর ওপর যদি বিনিয়োগকারীদের আস্থা না থাকে, তাহলে আইনকানুন করে কোনো লাভ হবে না। ২০০২ সালে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে বড় ধস হয়। এর জন্য একটি বড় নিরীক্ষক প্রতিষ্ঠান দায়ী ছিল। ওই ঘটনায় সব মিলিয়ে এক লাখ ১৩ হাজার নিরীক্ষকের চাকরি গেছে।
অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) সাবেক সভাপতি ও মেঘনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল আমীন বলেন, ব্যাংকে দুটো উদ্বৃত্তপত্র (ব্যালেন্স শিট) তৈরির সুযোগ নেই। কারণ বাংলাদেশ ব্যাংক নিয়ম করে দিয়েছে কীভাবে ব্যাংকের উদ্বৃত্তপত্র তৈরি করতে হবে। ডিএসই যদি এমন নিয়ম করতে পারে, তাহলে তালিকাভুক্ত কোম্পানিগুলোকে তা পালন করতে হবে। এতে অনেক সমস্যাই দূর হয়ে যাবে। তিনি বলেন, নিরীক্ষকেরা ফাইন্যান্সিয়াল রিপোর্টিং আইনের বিরোধিতা করছেন। একটা স্বাধীন কর্তৃপক্ষ থাকলে ক্ষতি কী?
নুরুল আমীন বলেন, ‘আমরা অনেক সাবধানতার সঙ্গে কাজ করি। তার পরও হলমার্কের মতো ঘটনা ঘটে। এটা আমাদের লজ্জিত করে। এমন ঘটনা রোধ করতে হিসাববিদ এবং নিরীক্ষকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের চেয়ারম্যান মমতাজ উদ্দিন আহমেদ বলেন, ১৯৯৬ সালে এবং ২০১০ সালে শেয়ারবাজারে কেলেঙ্কারির ঘটনা ঘটেছে। নৈতিকতার সঙ্গে যদি সবাই কাজ করত, তাহলে এমন ঘটনা ঘটত না।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন ইনস্টিটিউটের পরিচালক ইকবাল আহমেদ বলেন, ‘আপনি নিরীক্ষক এবং হিসাববিদদের শাস্তি দিচ্ছেন, কিন্তু যিনি কিংবা যে আইন তাদের ভুল হিসাব বিবরণী তৈরিতে বাধ্য করল, তার কোনো শাস্তি না হলে তো দায়বদ্ধতা আসবে না।’
রহিমআফরোজ গ্রুপের প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) কাউসার আলম বলেন, ‘নৈতিকভাবে ব্যবসা পরিচালনা করতে চাইলে প্রতিষ্ঠানকে কিছু ব্যয়ও করতে হয়। অনেক সময় নৈতিকতা পালন করতে গিয়ে দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়, ব্যয়ও বেড়ে যায়। তবে টেকসই ব্যবসার জন্য এটা বহন করা উচিত। কিন্তু অনেক প্রতিষ্ঠানই এই ব্যয়টা করতে চায় না, তারা শর্টকাটে যায়।’
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) পরিচালক হায়দার আহমেদ খান বলেন, ‘খাদ্যে ফরমালিন তো দেয় আমার মতো ব্যবসায়ী। তাদের অধীনে হিসাববিদসহ বিভিন্ন কর্মী আছে। তাহলে তারা কী করল? তারা তাদের দায়িত্ব পালন করল না। ব্যবসার নৈতিকতা প্রতিষ্ঠায় সামগ্রিক পরিবেশের পরিবর্তন প্রয়োজন।’
রবি আজিয়াটার নির্বাহী ভাইস চেয়ারম্যান শাহেদ আলম বলেন, রবিতে বাইরের নিরীক্ষকদের পাশাপাশি অভ্যন্তরীণ নিরীক্ষকও রয়েছে। নিয়মিত এই নিরীক্ষকদের নিরীক্ষা প্রক্রিয়ার মানোন্নয়ন করা হয়।
এসিসিএর সদস্য আরিফুর রহমান বলেন, দেশে হিসাববিদ কিংবা নিরীক্ষকেরা অনিয়ম করলে দৃষ্টান্তমূলক ও দৃশ্যমান শাস্তি হয় না। ফলে নৈতিকতার চর্চাও যথাযথ হয় না।
এসিসিএর রিলেশন্স বিভাগের প্রধান নাসরিন সুলতানা বলেন, এখান থেকে সনদপ্রাপ্ত কারও বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া গেলে তার সদস্যপদ বাতিল করা হয়। এটা হয়তো ততটা দৃশ্যমান শাস্তি নয়। তবে এর একটা প্রভাব সমাজে পড়ে।
গোলটেবিল বৈঠক সঞ্চালনা করেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম। তিনি বলেন, ডিজিটাল ব্যবস্থা চালু না করা গেলে উদ্বৃত্তপত্র জালিয়াতি রোধ করা কঠিন। এ বিষয়ে জোর দেওয়া প্রয়োজন। তিনি আরও বলেন, প্রথম আলোতে দুজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট আছেন। প্রতিষ্ঠানের হিসাব নিরীক্ষায় যেন ভুলত্রুটি না থাকে, তা নিশ্চিত করেন তাঁরা।