প্রতিহিংসার রাজনীতির খেসারত দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় জাদুঘর থেকে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা পদক সরিয়ে নেওয়ার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম নগর বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। গতকাল শনিবার বেলা ১১টায় কাজীর দেউড়ির মোড় থেকে নেতা-কর্মীরা মিছিল বের করেন। পরে দলীয় কার্যালয় নাসিমন ভবন চত্বরে সমাবেশ করেন তাঁরা। বক্তারা বলেন, প্রতিহিংসার রাজনীতির খেসারত একদিন সরকারকে দিতে হবে।
সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম। প্রধান অতিথি ছিলেন দলের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান। বক্তব্য দেন নগর যুবদলের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, কেন্দ্রীয় সদস্য ইয়াসিন চৌধুরী, নগর ছাত্রদলের সভাপতি গাজী মো. সিরাজউল্লাহ প্রমুখ।
সমাবেশে মাহবুবুর রহমান দাবি করেন, সরকার রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয়ে জিয়া পরিবারকে ধ্বংস করতে নানা চক্রান্তে লিপ্ত রয়েছে। এর অংশ হিসেবে জিয়াউর রহমানের স্বাধীনতা পদক কেড়ে নিয়েছে সরকার। এই প্রতিহিংসার রাজনীতির খেসারত একদিন সরকারকে দিতে হবে। তিনি অভিযোগ করেন, পুলিশের ওপর ভর করে আওয়ামী লীগ এখন টিকে আছে।
আবুল হাশেম বলেন, স্বাধীনতাযুদ্ধে জিয়াউর রহমানের অবদান অস্বীকার করার কোনো সুযোগ নেই। তাঁর স্বাধীনতা পদক সরিয়ে নিয়ে সরকার কার্যত স্বাধীনতাযুদ্ধকে অস্বীকার করেছে।