
সকাল নয়টা থেকে নির্বাচনী কার্যালয় গমগম। মানুষ আর মানুষ। কার্যালয়ের বাইরে খোলা জায়গাতেও ছড়িয়ে পড়েছে লোকজন। সবাই এসেছে কোনো প্রার্থীর সমর্থনে। প্রার্থীরা প্রতীক পাওয়ার পরপরই শুরু হয় আনুষ্ঠানিক প্রচারাভিযান।
মেয়র প্রার্থীদের দলীয় প্রতীক আগেই নির্ধারণ হওয়ায় তাঁদের সমর্থকদের উপস্থিতি তেমন ছিল না। তবে কাউন্সিলর ও সংরক্ষিত নারী আসনের কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। গতকাল প্রতীক পেয়েই তাঁরা উল্লসিত হয়ে প্রচারে নেমে পড়েন। তবে আনুষ্ঠানিক প্রচারাভিযানের প্রথম দিনেই আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে অনেক কাউন্সিলর প্রার্থীর বিপক্ষে। প্রার্থীর সমর্থনে প্রতীক হাতে শোভাযাত্রা করেছেন অনেকেই।
নাম প্রকাশে অনিচ্ছুক ১৮ নম্বর ওয়ার্ডের একজন কাউন্সিলর প্রার্থী বলেন, ‘ভাই, কেবলই মার্কা হলো, সমর্থকেরা তো একটু মিছিল করবেই। না হলে তো নির্বাচনের আমেজ আসবে না।’
গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত নির্বাচনী কার্যালয়ের আশপাশ এলাকা কাচারি বাজার, পোস্ট অফিস এলাকা, বিভাগীয় কমিশনারের কার্যালয় চত্বর, জেলা প্রশাসক কার্যালয় চত্বরে প্রচণ্ড ভিড় ছিল। প্রধান সড়ক ও এর আশপাশের ছোট ছোট রাস্তা ছিল নির্বাচনী কর্মকাণ্ডে উৎসবমুখর। সংরক্ষিত নারী আসনের প্রার্থীদেরও প্রতীক পাওয়ার পর ছোট পরিসরে হলেও মিছিল করতে দেখা গেছে। প্রার্থীদের সহজে যাতে চেনা যায়, এ জন্য অধিকাংশ প্রার্থীর গলায় ঝুলছিল গাঁদা ফুলের মালা।
এদিকে প্রতীক নিয়ে নির্বাচন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের লটারি করতে হিমশিম খেতে হয়েছে। তবে ঘুড়ি ও লাটিম প্রতীক ছিল কাউন্সিলর প্রার্থীদের বেশি পছন্দ। এই প্রতীক নিয়ে সবচেয়ে বেশি প্রার্থীর মধ্যে লটারির লড়াই হয়েছে।
নির্বাচন আচরণবিধিতে বলা আছে, কোনো প্রার্থী কিংবা তাঁর পক্ষে যে কেউ কোনো শোভাযাত্রা করতে পারবেন না। ঘরোয়া বৈঠক ও পথসভা করা যাবে। কিন্তু গতকাল মার্কা পাওয়ার পর প্রার্থীর সমর্থকেরা আর থেমে থাকেননি। কে শোনে কার কথা।
এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার প্রথম আলোকে বলেন, আচরণবিধি ও নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে গতকাল সোমবার থেকে ১১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১১টি ভিজিলেন্স টিম মাঠে নেমেছে। এ ছাড়া ১৯৩টি ভোটকেন্দ্রের মধ্যে ১২৮টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
নির্বাচন কার্যালয় সূত্র জানায়, গতকাল বেলা দুইটা থেকে প্রচার কার্যক্রম শুরু হয়েছে। এ প্রচার চলবে প্রতিদিন বেলা দুইটা থেকে রাত আটটা পর্যন্ত, নির্বাচন অনুষ্ঠিত হওয়ার দিনের ৪৮ ঘণ্টা পূর্ব পর্যন্ত।
রংপুর সিটি করপোরেশন নির্বাচনে এবারই প্রথম দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে। আওয়ামী লীগের সরফুদ্দীন আহমেদ (নৌকা), জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান (লাঙ্গল), বিএনপির কাওছার জামান (ধানের শীষ), ইসলামী আন্দোলনের এ টি এম গোলাম মোস্তফা (হাতপাখা) প্রতীক পেয়েছেন। দলীয় প্রতীক ছাড়াও বাসদের আবদুল কুদ্দুস মই, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) সেলিম আখতার আম, জাতীয় পার্টির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হোসেন মকবুল শাহরিয়ার হাতি প্রতীক পেয়েছেন।
৩৩টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর ২১১ জন ও সংরক্ষিত নারী আসনে ৬৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
২১ ডিসেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।