প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিক প্রচারণায় প্রার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীক পাওয়ার পর অনুসারীদের সঙ্গে মেয়র প্রার্থী মনিরুল হক। আজ শুক্রবার সকালে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে
ছবি: প্রথম আলো

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আজ শুক্রবার প্রতীক পাওয়ার পর মেয়র ও কাউন্সিল প্রার্থীদের অনুসারীরা মিছিল ও উল্লাস শুরু করেন। প্রতীক পেয়ে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন প্রার্থীরা।

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে এখন পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন—আওয়ামী লীগের আরফানুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. রাশেদুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনিরুল হক সাক্কু, কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ নিজাম উদ্দিন এবং কুমিল্লা নাগরিক ফোরামের সভাপতি কামরুল হাসান বাবুল।

আরও পড়ুন

তাঁদের মধ্যে আরফানুল হক নৌকা, রাশেদুল ইসলাম হাতপাখা, স্বতন্ত্র প্রার্থী মো. মনিরুল হক টেবিল ঘড়ি, মোহাম্মদ নিজাম উদ্দিন ঘোড়া ও কামরুল হাসান হরিণ প্রতীক পেয়েছেন। এ ছাড়া ১০৬ জন সাধারণ কাউন্সিলর ও ৩৬ জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। আজ সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী ওই প্রতীক বরাদ্দ দেন।

আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হকের পক্ষে প্রতীক নেন দলীয় নেতারা
ছবি: প্রথম আলো

প্রতীক পাওয়ার পর মেয়র প্রার্থী মনিরুল হক বলেন, এটা স্থানীয় সরকার নির্বাচন। এখানে প্রতীক কোনো ব্যাপার নয়। প্রার্থীর আচার–আচরণ দেখে ভোটাররা ভোট দেবেন। কাজের মূল্যায়ন দেখে ভোটাররা ভোট দেবেন। তিনি ৭০ ভাগ কাজ করতে পেরেছেন। নির্বাচন সুষ্ঠু হলে জয় পাবেন। এ জন্য নির্বাচন কমিশনকে লেভেল প্লেয়িং মাঠ তৈরি করতে হবে।

আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হকের পক্ষে প্রতীক নেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুর রহমান জাহাঙ্গীর ও আতিকউল্লাহ খোকন।

রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী বলেন, প্রতীক আচরণবিধি মেনে প্রার্থীদের প্রচারণা চালাতে হবে।