প্রত্নতাত্ত্বিক এলাকা সংরক্ষণে ভিতরগড় উৎসব শুরু
দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক এলাকা ভিতরগড়কে কেন্দ্র করে শুরু হয়েছে সাত দিনব্যাপী উৎসব। গতকাল শনিবার সদর উপজেলার অমরখানা ইউনিয়নের ভিতরগড়ে এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
ভিতরগড় প্রত্নতাত্ত্বিক এলাকা সংরক্ষণ এবং একে পরিবেশবান্ধব প্রত্নতাত্ত্বিক পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এ উৎসবের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আমানুল্লাহ বাচ্চু। ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) উপাচার্য ইমরান রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত, অমরখানা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুজ্জামান নুরুসহ স্থানীয় জনপ্রতিনিধিরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউল্যাবের সেন্টার ফর আর্কিওলজিক্যাল স্টাডিজ বিভাগের পরিচালক শাহনাজ হুসনে জাহান।
স্থানীয় মধুবন গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খুদে শিক্ষার্থীদের পরিবেশনায় দেশের গান দিয়ে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। এ ছাড়া প্রথম দিনে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয় স্থানীয় বিদ্যালয়ের শিক্ষার্থীরা। সাত দিনের এই উৎসবে বিলুপ্তপ্রায় ঐতিহ্যবাহী পাক্ষীখেলা, লাঠিখেলা, হাঁসখেলা, হুলির গান, সত্যপীরের গানের আয়োজন করা হয়েছে। সেই সঙ্গে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক এবং স্থানীয় জনসাধারণের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা হবে। এ ছাড়া আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে। সংস্কৃতি মন্ত্রণালয়ের অর্থায়নে উৎসবটি আয়োজন করেছে ইউল্যাবের সেন্টার ফর আর্কিওলজিক্যাল স্টাডিজ (সিএসএস) বিভাগ।
অনুষ্ঠানে শাহনাজ হুসনে জাহান বলেন, ‘দুর্গনগরী ভিতরগড় বাংলাদেশে এ পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে বড় প্রাচীন প্রত্নস্থল। এটি বিশ্ব ঐতিহ্যের একটি অংশ। বিশ্বের কাছে ভিতরগড় দুর্গনগরী এবং এ অঞ্চলের লোকজ সংস্কৃতিকে তুলে ধরাই আমাদের লক্ষ্য।’
শাহনাজ হুসনে জাহান আরও বলেন, সরকারি-বেসরকারি উদ্যোগ ও পরিবেশ তৈরি হলে ভিতরগড় দুর্গনগরীকে সুপরিকল্পিতভাবে প্রত্নতাত্ত্বিক উদ্যান হিসেবে প্রতিষ্ঠিত করা সম্ভব হবে। এর মাধ্যমে এটি বাংলাদেশের একটি অন্যতম ঐতিহ্যবাহী স্থান হিসেবে দেশে-বিদেশে পরিচিত হয়ে উঠবে।
পঞ্চগড় শহর থেকে ১৪ কিলোমিটার উত্তর-পূর্বে সদর উপজেলার অমরখানা ইউনিয়নে ভিতরগড়ের অবস্থান। দেশের সর্ববৃহৎ দুর্গনগরী ভিতরগড় প্রত্নস্থলটি ২০০৮ সালে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের সেন্টার ফর আর্কিওলজিক্যাল স্টাডিজ বিভাগের প্রধান শাহনাজ হুসনে জাহান এখানে খনন শুরু করেন। তাঁর প্রচেষ্টায় ইতিমধ্যে প্রত্নতাত্ত্বিক গবেষণার মধ্য দিয়ে উন্মোচিত হয়েছে আট-নয় শতক তথা আদি মধ্যযুগে নির্মিত নয়টি প্রাচীন স্থাপত্যের ভিত্তিকাঠামো। উৎখনন করে আবিষ্কৃত হয়েছে মাটি ও ইট দিয়ে তৈরি চারটি বেষ্টনীর স্বরূপসহ নানা ধরনের প্রত্নসম্পদ।