প্রত্যন্ত গ্রামে নারী ফুটবলারদের প্রীতি ম্যাচ উপভোগ করলেন হাজারো দর্শক
নাটোরের লালপুর উপজেলার প্রত্যন্ত গ্রাম কলসনগর। দুপুর থেকেই গ্রামের স্কুল মাঠকে ঘিরে শত শত নানা বয়সী নারী–পুরুষের ভিড়। দুই দল নারী ফুটবলারের প্রীতি ম্যাচ দেখতে এই ভিড়। তা–ও আবার ৩০ টাকা করে টিকিট কেটে খেলা দেখেছেন দর্শনার্থীরা।
আজ সোমবার বিকেলে অনুষ্ঠিত এ ম্যাচে নর্থ বেঙ্গল ফুটবল একাডেমি ৩-০ গোলে সিরাজগঞ্জ নারী ফুটবল দলকে পরাজিত করে বিজয়ী হয়। কলসনগর স্কুল মাঠে নারী ফুটবলারদের প্রীতি ম্যাচের আয়োজন করে কলসনগর নব-তরুণ সংঘ।
স্থানীয় সূত্রে জানা গেছে, কদিন ধরে মাইকিং করে খেলার খবর প্রচার করা হয়েছে। অজপাড়াগাঁয়ে নারীদের ফুটবল খেলাকে ঘিরে কলসনগর ছাড়াও আশপাশের অন্তত ১০ গ্রামের মানুষের মধ্যে ছিল উৎসাহ। উৎসুক দর্শনার্থীরা দুপুর থেকে সীমানাপ্রাচীরে ঘেরা স্কুল মাঠের প্রধান ফটকের সামনে জড়ো হতে থাকেন। খেলা শুরুর ১ ঘণ্টা আগে থেকে ৩০ টাকা দিয়ে টিকিট কেটে দর্শনার্থীরা মাঠে ঢোকেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক নারী দর্শক ছিলেন। মাঠের বাইরে শত শত মানুষের আনাগোনায় উৎসবের আমেজ বিরাজ করে। নানা রকম মুখরোচক অস্থায়ী খাবারের দোকান বসে। রীতিমতো মেলার আয়োজন।
গ্রামের মানুষের কাছে ফুটবল এখনো সবচেয়ে জনপ্রিয় খেলা। তাঁরা আমাদের খেলা বেশ উপভোগ করেছেন।
খেলা চলাকালে দর্শনার্থীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। খেলা শেষ হয়েছে শান্তিপূর্ণভাবে। খেলায় নর্থ বেঙ্গল ফুটবল একাডেমি ৩-০ গোলের ব্যবধানে সিরাজগঞ্জ নারী ফুটবল দলকে পরাজিত করে। খেলা শেষে উভয় দলকে ট্রফি দিয়ে সম্মানিত করা হয়।
নর্থ বেঙ্গল ফুটবল একাডেমির অধিনায়ক সুমাইয়া আক্তার বলেন, ‘গ্রামের মধ্যে এ ধরনের প্রীতি ম্যাচের আয়োজন করায় আমরা উৎসাহবোধ করছি। কারণ, গ্রামের মানুষের কাছে ফুটবল এখনো সবচেয়ে জনপ্রিয় খেলা। তাঁরা আমাদের খেলা বেশ উপভোগ করেছেন।’
নর্থ বেঙ্গল ফুটবল একাডেমির পরিচালক ও নারী দলের কোচ মো. জুয়েল বলেন, নারী ফুটবল দলের উৎকর্ষ সাধনে তাঁরা নিরলসভাবে কাজ করছেন। আজকের ম্যাচ আয়োজন তারই একটা অংশ। উপজেলার একমাত্র নারী ফুটবল দলে জেলা দলের ও জাতীয় পর্যায়ের বেশ কয়েক খেলোয়াড় অংশ নেন।
কলসনগর নব–তরুণ সংঘের সভাপতি মেহেদী হাসান বলেন, প্রতিষ্ঠানের উন্নয়ন ও খেলোয়াড়দের খরচের জন্য ৩০ টাকা করে টিকিট নির্ধারণ করা হয়েছিল। এতে কেউ মনঃক্ষুণ্ন হননি। বরং সবাই টিকিট কেটে খেলা দেখেছেন। দর্শনার্থীদের মধ্যে আনন্দ–উচ্ছ্বাস ছিল।
কলসনগর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী জিন্নাহ জানান, তাঁর বিদ্যালয়ের মাঠে নারী ফুটবল দলের খেলা অনুষ্ঠিত হওয়ায় তিনি গর্ববোধ করছেন। এ খেলার মধ্য দিয়ে গ্রামের মেয়েরা ফুটবল খেলায় অনুপ্রাণিত হবে।