প্রথম আন্তর্জাতিক পর্যটন সম্মেলন শুরু
দেশে প্রথমবারের মতো পর্যটন নিয়ে তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। ‘২০৫০ সালের পর পর্যটনের ভবিষ্যৎ’ শিরোনামে আজ মঙ্গলবার সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট মিলনায়তনে এই সম্মেলন শুরু হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ এই সম্মেলনের আয়োজন করেছে।
আয়োজকেরা জানিয়েছেন, ১০টি দেশ থেকে ২০ জন বিশ্ববরেণ্য পর্যটন গবেষক সম্মেলনে এসেছেন। এ ছাড়া এই খাতের দেশি-বিদেশি নীতিনির্ধারকেরা সম্মেলনে উপস্থিত আছেন। তিন দিনের এই সম্মেলনে দেশের পর্যটন খাত, এর ভবিষ্যৎসহ নানা বিষয় নিয়ে নীতিনির্ধারণী আলোচনা চলবে।
সম্মেলনের উদ্বোধন ঘোষণা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, বাংলাদেশ প্রাকৃতিকভাবেই মনোরম। এক দিকে কক্সবাজার সৈকত, পাহাড় আরেক দিকে সুন্দরবন। যে-কেউ এ দেশে বেড়িয়ে আনন্দ পাবেন। তবে পর্যটন খাতে একটার সঙ্গে আরেকটা সম্পর্কিত। পর্যটনের উন্নয়নের কথা ভাবতে হলে দেশের পর্যটক এবং বিদেশি পর্যটক সবার কথা ভাবতে হবে। এই সম্মেলন এই খাতের দিকনির্দেশনা দেবে বলে আশা করেন তিনি।
ভারতের ইন্দিরা গান্ধী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এস পি বানসাল বলেন, অতীতের অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে এই সম্মেলন থেকে বাংলাদেশের পর্যটনের ভবিষ্যৎ নির্ধারণ করা উচিত। দেশের পর্যটন খাত এগিয়ে নিতে পর্যটন স্থানগুলোর যথাযথ বিপণন ও সঠিক ব্যবস্থাপনা দরকার বলেও মনে করেন তিনি।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য নাসরিন আক্তার ও আখতারুজ্জামান, কোষাধ্যক্ষ কামালউদ্দিন, ব্যবসা প্রশাসন অনুষদের ডিন শিবলী রুবাইয়াতুল ইসলাম ও সম্মেলনের আহ্বায়ক রাশিদুল হাসান বক্তব্য দেন।