প্রথম আলো সত্যের পথে থাকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলোর ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রংপুরে গতকাল আয়োজিত সুধী সমাবেশের প্রশ্নোত্তর পর্বে প্রশ্ন করছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ কে এম নূর-উন-নবী l প্রথম আলো
প্রথম আলোর ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রংপুরে গতকাল আয়োজিত সুধী সমাবেশের প্রশ্নোত্তর পর্বে প্রশ্ন করছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ কে এম নূর-উন-নবী l প্রথম আলো

সকাল থেকেই কুয়াশার চাদরে মুড়ি দিয়েছিল রংপুর শহর। সেই সঙ্গে হিমেল হাওয়া। সারা দিনেও রোদের দেখা মিলল না। অথচ ম্যাড়মেড়ে দিনের সন্ধ্যাটি মুখর হলো আনন্দ-আড্ডায়।
আয়োজনটি ছিল প্রথম আলোর। ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার রংপুর শহরের কামাল কাছনায় অ্যাসোড ট্রেনিং সেন্টারে আয়োজিত সুধী সমাবেশে যোগ দিলেন আমন্ত্রিত বিশিষ্টজনেরা।
অনুষ্ঠানের মূল পর্ব শুরু হয় সন্ধ্যা সাতটায়। এর আগে সন্ধ্যা ছয়টা থেকে আমন্ত্রিত অতিথিরা একে একে আসতে শুরু করেন। তাঁদের অভ্যর্থনা জানান প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক, সার্কুলেশন বিভাগের সহকারী মহাব্যবস্থাপক সুব্রত শীল, ইভেন্টের উপব্যবস্থাপক কবির বকুল, বিশাল বাংলা বিভাগের প্রধান তুহিন সাইফুল্লাহ। রংপুর বন্ধুসভার বন্ধুরা আমন্ত্রিত অতিথিদের গোলাপ ফুল দিয়ে স্বাগত জানান। মূল পর্ব শুরুর আগে অতিথিরা পরস্পরের সঙ্গে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন।
অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য দেন প্রথম আলোর রংপুরের নিজস্ব প্রতিবেদক আরিফুল হক। এরপর মঞ্চে আসেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক। তিনি সবাইকে শুভেচ্ছা জানিয়ে ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নির্মিত প্রামাণ্যচিত্র অদম্য মেয়েরা দেখার আহ্বান জানান।
ময়মনসিংহের গারো পাহাড়ের পাদদেশে ধোবাউড়া উপজেলার কলসিন্দুরের ছাত্রীরা দারিদ্র্যের সঙ্গে লড়াইয়ের পাশাপাশি এক অনন্য দৃষ্টান্ত রেখেছে। অনূর্ধ্ব-১৪ বছর মেয়েদের জাতীয় ফুটবল দলের ১০ জন এই স্কুলের। জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও এই মেয়েদের ১০ জন নেপালে খেলতে গেছে। প্রথম আলোতেই বিশদভাবে প্রকাশিত হয়েছিল তাদের কথা।
একপর্যায়ে মঞ্চে আসেন রংপুরের বিশিষ্ট শিক্ষাবিদ কারমাইকেল কলেজের সাবেক অধ্যক্ষ রেজাউল হক। তিনি শুভেচ্ছা বক্তব্যে বলেন, ‘আমি প্রথম দিন থেকে প্রথম আলোর পাঠক। আমি দেখেছি প্রথম আলো সব সময় সততার পক্ষে রয়েছে। ভবিষ্যতেও থাকবে।’
প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক বলেন, ‘যুক্তরাষ্ট্র বছরের পর বছর সংগ্রাম করে আজকের অবস্থানে এসেছে। আমাদের এই দেশ কারও সঙ্গে গোলামি করেনি। কিন্তু অন্য দেশ এখানে গোলামি করে গেছে। সে অবস্থা আর থাকবে না। তারুণ্যের শক্তি বাংলাদেশের সম্ভাবনা। এই শক্তি মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়বে।’ তিনি বলেন, প্রথম আলো সত্যের পথে ছিল। সত্যের পথে থাকবে। পাঠকই প্রথম আলোর শক্তি। পাঠকেরাই আজ প্রথম আলোকে এই অবস্থানে নিয়ে এসেছে।
বক্তব্যের পর্ব শেষে পাঠকদের মুখোমুখি হন আনিসুল হক, সুব্রত শীল, কবির বকুল ও তুহিন সাইফুল্লাহ। প্রথম আলো নিয়ে পরামর্শ গ্রহণের পাশাপাশি উপস্থিত পাঠকদের প্রশ্নের উত্তর দেন তাঁরা। শিল্পী দিনাত জাহানের কণ্ঠে একাধিক গােন শেষ হয় অনুষ্ঠান। পের নৈশভোজে যোগ দেন অতিথিরা।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ কে এম নূর-উন-নবী, এফবিসিসিআইয়ের পরিচালক মোস্তফা আজাদ চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান ও সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল, সচেতন নাগরিক কমিটির সভাপতি মোশফেকা রাজ্জাক, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক রথীশ চন্দ্র ভৌমিক প্রমুখ।