
হেমন্তের বিদায়লগ্নের শেষ বিকেলের সোনা রোদ মিলিয়ে যাচ্ছিল সন্ধ্যার আকাশে। একে একে অনুষ্ঠানস্থলে আসছিলেন আমন্ত্রিত অতিথিরা। সন্ধ্যা সোয়া সাতটায় কানায় কানায় পূর্ণ খুলনা সেন্ট যোসেফস উচ্চবিদ্যালয় মিলনায়তন।
প্রথম আলোর ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলনা নগর ও জেলার প্রায় ৪০০ বিশিষ্ট ব্যক্তিকে নিয়ে গতকাল শনিবার আয়োজন করা হয় সুধী সমাবেশের। অনুষ্ঠানে পারস্পরিক কুশল ও শুভেচ্ছা বিনিময়, গল্প-আড্ডা আর গানে আনন্দঘন সন্ধ্যা উপভোগ করেন খুলনায় প্রথম আলোর পাঠক-সুধী ও শুভানুধ্যায়ীরা। প্রত্যয় ব্যক্ত করেন প্রথম আলোর পথচলায় সঙ্গী হওয়ার।
খুলনার জনপ্রতিনিধি, রাজনীতিক, অধ্যাপক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী, আইনজীবী, মানবাধিকারকর্মী, বাণিজ্যিক প্রতিষ্ঠানের কর্মকর্তা, সাংবাদিকসহ সর্বস্তরের সুধীজনের উপস্থিতিতে সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হয় মূল আয়োজন।
অনুষ্ঠানস্থলে অতিথিদের স্বাগত জানান প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ। শুরুতে স্বাগত বক্তব্য দেন খুলনা অফিসের প্রতিনিধি শেখ আল এহসান।
অনুষ্ঠানে দেখানো হয় প্রথম আলোর ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নির্মিত বিশেষ প্রামাণ্যচিত্র ‘অদম্য মেয়েরা’। এতে ময়মনসিংহের সীমান্তবর্তী ধোবাউড়া উপজেলার কলসিন্দুর স্কুল অ্যান্ড কলেজের স্কুল শাখার ফুটবলার মেয়েদের হার না-মানা গল্প দেখানো হয়। ওই মেয়েদের দশজন এ বছর নেপালে অনুষ্ঠিত এএফসি কাপ অনূর্ধ্ব-১৪ ফুটবল আসরে বাংলাদেশ দলের হয়ে খেলার সুযোগ পায়। প্রথম আলোতে তাঁদের নিয়ে ছাপা হয় বিশেষ প্রতিবেদন। তাঁদের নিয়ে নির্মিত এই প্রামাণ্যচিত্র দেখে মুগ্ধ হন উপস্থিত সবাই।
এরপর বক্তৃতায় সাজ্জাদ শরিফ বলেন, ‘১৯৭১ সালে যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, প্রথম আলো সেই বাংলাদেশের পক্ষে আপনাদের সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চায়।’
এরপর মঞ্চে আসেন খুলনার সরকারি বিএল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক জাফর ইমাম। তিনি বলেন, ‘বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। অন্যান্য দেশের মতো এখানেও মতামতের পরস্পর বিরোধ আছে। কিন্তু রাষ্ট্রের কল্যাণে সঠিক মতটিকেই বেছে নিতে হবে।’ তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে এগিয়ে নিতে হলে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
অনুষ্ঠানের একপর্যায়ে পাঠকের মুখোমুখি হয় প্রথম আলো। তাঁদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সাজ্জাদ শরিফ, টিম লিডার (প্রথম আলো ইংলিশ) খাজা মাঈন উদ্দিন, প্রথম আলোর সহকারী ব্যবস্থাপক (মার্কেটিং) শাহ ওয়ালি মানজুর ও শেখ আল এহসান। এ সময় পাঠকেরা খুলনা অঞ্চলের জন্য পৃথক পাতা বের করার দাবি জানান।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে তিনটি গান পরিবেশন করেন কণ্ঠশিল্পী মাহমুদুজ্জামান বাবু। পরে আমন্ত্রিত অতিথিরা নৈশভোজে অংশ নেন।