প্রথম আলোয় ছবি দেখে দুজনের পরিচয় শনাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক মাস আগে ছেলে দেলোয়ারকে থাইল্যান্ড পাচার করেছিল দালালেরা। গতকাল প্রথম আলোয় ছাপা হওয়া ছবিতে ছেলেকে দেখে আনন্দ অশ্রু গড়াল মা দিল ফিরোজা বেগমের চোখে। কক্সবাজার সদর উপজেলার ফুলছড়ি গ্রাম থেকে তোলা ছবি l প্রথম আলো
এক মাস আগে ছেলে দেলোয়ারকে থাইল্যান্ড পাচার করেছিল দালালেরা। গতকাল প্রথম আলোয় ছাপা হওয়া ছবিতে ছেলেকে দেখে আনন্দ অশ্রু গড়াল মা দিল ফিরোজা বেগমের চোখে। কক্সবাজার সদর উপজেলার ফুলছড়ি গ্রাম থেকে তোলা ছবি l প্রথম আলো

থাইল্যান্ডের শংখলা প্রদেশের জঙ্গল থেকে উদ্ধার হওয়া ১২৩ জন বাংলাদেশি অভিবাসীর মধ্যে অন্তত দুজনের বাড়ি কক্সবাজারে। গতকাল রোববার প্রথম আলোয় ছাপা হওয়া ছবি দেখে স্বজনেরা তাঁদের পরিচয় শনাক্ত করেন।
গতকাল সকালে মুঠোফোনে ইমাম হোসেন নামের এক ব্যক্তি নিজেকে সিএনজিচালিত অটোরিকশার চালক পরিচয় দিয়ে এই প্রতিবেদককে জানান, প্রথম আলোয় প্রকাশিত ছবিতে তাঁর ভাইকে দেখা যাচ্ছে। কিছুক্ষণ পর নাজমুল হক নামের আরও এক ব্যক্তি ফোন করে জানান, ছবিতে তাঁর বড় ছেলে রিফাতও আছে।
মুঠোফোনে পাওয়া খবরের ভিত্তিতে কক্সবাজার সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের ফুলছড়ি গ্রামে গিয়ে দেখা যায় অনেকের হাতে প্রথম আলো। তাঁরা থাইল্যান্ডের জঙ্গল থেকে উদ্ধার হওয়া বাংলাদেশিদের ছবি দেখছেন।

প্রথম আলোয় প্রকাশিত ছবিতে ছেলে সেলিমুল হক রিফাতকে দেখাচ্ছেন বাবা নাজমুল হক l ছবি: প্রথম আলো
প্রথম আলোয় প্রকাশিত ছবিতে ছেলে সেলিমুল হক রিফাতকে দেখাচ্ছেন বাবা নাজমুল হক l ছবি: প্রথম আলো

ওই গ্রামের লবণচাষি ফরিদুল আলমের বাড়ি গিয়ে দেখা যায়, তাঁর স্ত্রী দিল ফিরোজা বেগম কান্নাকাটি করছেন। সাংবাদিক পরিচয় পেয়ে কান্নাকাটি থামিয়ে তিনি প্রথম আলো দেখিয়ে বলেন, ছবির সাদা গেঞ্জি পরা ছেলেটি তাঁর ছেলে দেলোয়ার হোসেন (২৫)। এক মাস আগে দালাল চক্র তাঁকে থাইল্যান্ডে পাচার করে। ফিরোজা বেগম বলেন, ‘এত দিন ধরে নিয়েছিলাম তাকে আর পাওয়া যাবে না। আজ ছেলের ছবি দেখে খুশি লাগছে।’
কিছুক্ষণ পর সেখানে হাজির প্রথম ফোন দেওয়া দেলোয়ারের বড় ভাই ইমাম হোসেন। তিনি বলেন, ‘প্রতিদিনের মতো প্রথম আলো কিনে পড়তে বসি। প্রথমে চোখ পড়ে থাইল্যান্ডের জঙ্গল থেকে উদ্ধার হওয়া অভিবাসীদের রঙিন ছবির দিকে। তারপর ছবিতে সাদা গেঞ্জি পরা ছোট ভাই দেলোয়ারকে দেখে বাড়ি ছুটে যাই। ছবি দেখে মা প্রথমে অজ্ঞান হয়ে পড়েন।’
ফুলছড়ি গ্রামের নাজমুল হক জানান, দেলোয়ারের পাশে কানে হাত দিয়ে বসে থাকা ছেলেটি তাঁর সন্তান সেলিমুল হক রিফাত (১৬)। তিনি বলেন, ‘গত ১৪ এপ্রিল গ্রামের কয়েকজনের সঙ্গে রিফাত নিখোঁজ হয়। পরে জানতে পারি তাকে থাইল্যান্ড পাচার করা হয়েছে।’
স্থানীয় লোকজন বলেন, প্রথম আলোয় প্রকাশিত ওই ছবিতে আরও কয়েকজনকে কক্সবাজারের বাসিন্দা বলে মনে হচ্ছে। কিন্তু পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্ছে না। তাঁরা বলেন, থাইল্যান্ডের জঙ্গল থেকে উদ্ধার করা অভিবাসীদের একাধিক ছবি পত্রিকায় ছাপা হলে দ্রুত তাদের শনাক্ত করা সম্ভব হতো।