প্রথম আলো চরে প্রথমবারের বৈশাখী মেলা শেষ
কুড়িগ্রামের প্রথম আলো চরে প্রথমবারের মতো দুই দিনব্যাপী বৈশাখী মেলা গত শুক্রবার রাতে শেষ হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমান উদ্দিন মঞ্জু। শুক্রবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত চলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলায় আশপাশের বিভিন্ন চর থেকে আসা মানুষের উপচে পড়া ভিড় ছিল।
প্রথমবারের মতো প্রথম আলো চরবিদ্যালয় মাঠে দুই দিনব্যাপী এই বৈশাখী মেলা গত বৃহস্পতিবার সকাল নয়টায় উদ্বোধন করেন কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমিন পারভেজ।
দুই দিনব্যাপী মেলার সমাপনী উপলক্ষে প্রথম আলো চর বিদ্যালয় পরিচালনা পর্ষদেরসভাপতি সোবান ব্যাপারীর সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমান উদ্দিন মঞ্জু, বিশেষ অতিথি ঘোগাদহ ইউপির চেয়ারম্যান শাহ আলম মিয়া, স্থানীয় ইউপি সদস্য দুলাল মিয়া, ভাওয়াইয়া কণ্ঠশিল্পী ভূপতি ভূষণ বর্মা, সহকারী প্রধান শিক্ষক মাহাফুজ ই এলাহী, প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন, সাংবাদিক সফি খান উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে আমানউদ্দিন বলেন, ‘এখানে না এলে বুঝতেই পারতাম না দুর্গম চরাঞ্চলে কীভাবে শিক্ষার আলো ছড়িয়েছে। সবকিছু বদলে গেছে। এ জন্য প্রথম আলো ট্রাস্ট, বন্ধুসভা ও সফি খানকে ধন্যবাদ জানাই। আমি ঘোষণা দিচ্ছি এই দুর্গম চরে মানুষের স্বাস্থ্যসেবার জন্য একটি কমিউনিটি ক্লিনিক চালু করার ব্যবস্থা করব।’
আলোচনা শেষে প্রথম আলো চর বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিদ্যালয় নিয়ে দুটি গান পরিবেশন করে। পরে ভাওয়াইয়া গান পরিবেশন করেন ভূপতি ভূষণ বর্মা, নাজমুল হুদা ও ভাওয়াইয়া একাডেমির শিল্পীরা। এরপর ললিতকলা একাডেমি ও ঘোগাদহ ইউনিয়নের ছায়া সংগঠনের শিল্পীরা সংগীত পরিবেশন করে।