প্রথম আলোর গোয়ালন্দ প্রতিনিধি রাশেদুল সড়ক দুর্ঘটনায় আহত
প্রথম আলোর গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি এম রাশেদুল হক সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। আজ সোমবার দুপুরে উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রাশেদুল হক গোয়ালন্দ উপজেলা শহরের বদিউজ্জামান ব্যাপারী এলাকার বাসিন্দা।
গোয়ালন্দ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, সোমবার গোয়ালন্দ উপজেলা পরিষদের আইনশৃঙ্খলা কমিটির সভা ছিল। সভা শেষ করে দুপুরের দিকে নিজের মোটরসাইকেলে করে রাশেদুল হক ফিরছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে তাঁর সংঘর্ষ হয়। এতে তিনি পড়ে গিয়ে গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রাশেদুল হকের সহধর্মিণী নাসরিন আক্তার বলেন, রাশেদের কপালে পাঁচটি সেলাই লেগেছে। শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন।
গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক শাহ্ মুহাম্মদ শরীফ বলেন, বাহ্যিকভাবে আঘাত তেমন গুরুতর নয়। রাশেদুল হক বলছেন, তিনি ভালো আছেন। তবে কিছু পরীক্ষা-নিরীক্ষা করার পর পুরো বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। তাঁকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।