চট্টগ্রামে একাধিকবার আন্তর্জাতিক চলচ্চিত্রের আসর বসলেও সেসব কেবলই চলচ্চিত্র প্রদর্শনীর মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু এই প্রথমবার নির্বাচিত চলচ্চিত্রকে পুরস্কৃত করা হলো। চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্রের আয়োজনে এই আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয় ১৪ ও ১৫ নভেম্বর। থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে দুই দিনে প্রদর্শিত হয় নানা দেশের ২৩টি স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র। উৎসবে সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে পোল্যান্ডের বার্তুসি ক্রুহলিক পরিচালিত দ্য হিট এবং বাংলাদেশের ব্রাত্য আমিন পরিচালিত প্রামাণ্যচিত্র ৩৬-২৪-৩৬। উৎসবের সমাপনী দিন জুরিবোর্ডের চেয়ারম্যান স্থপতি বিধান বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কবি ও সাংবাদিক আবুল মোমেন এবং সত্যজিৎ গবেষক আনোয়ার হোসেন পিন্টু বিজয়ী নির্মাতার হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্রের পরিচালক শৈবাল চৌধুরী। উৎসবে প্রতিদিন বেলা ১১টা, সাড়ে তিনটা ও সন্ধ্যা সাড়ে ছয়টায় চলচ্চিত্র প্রদর্শিত হয়। চলচ্চিত্র প্রদর্শনীর ফাঁকে দর্শকের মুখোমুখি হন ছবির নির্মাতা ও অভিনেতা–অভিনেত্রীরা। দুটি প্রতিযোগিতামূলক শাখার পাশাপাশি উৎসবে মোট ছয়টি শাখায় চলচ্চিত্র প্রদর্শিত হয়। প্রতিযোগিতার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে পুরস্কারের জন্য মনোনীত হয় চারটি চলচ্চিত্র।