প্রথম ধাপে করোনার টিকা পেলেন ৩৫ হাজার ৬১৯ রোহিঙ্গা
কক্সবাজারেরর উখিয়া ও টেকনাফের ৩৪টি আশ্রয়শিবিরে প্রথম ধাপের সাত দিনব্যাপী টিকাদান কর্মসূচির আওতায় টিকা নিয়েছেন ৩৫ হাজার ৬২৮ রোহিঙ্গা। এর মধ্যে পুরুষ ২১ হাজার ২১৫ ও নারী ১৪ হাজার ৪১৩ জন।
প্রথম ধাপের টিকার জন্য নিবন্ধন করা হয় ৪৮ হাজার ৪০০ জন রোহিঙ্গার। যাঁদের বয়স ৫০ বছরের বেশি। টিকা না পাওয়া ১২ হাজার ৭৮১ জন রোহিঙ্গাকে পরবর্তী সুবিধাজনক সময়ে টিকা দেওয়া হবে।
সিভিল সার্জনের কার্যালয় ও সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার কর্মসূচির শেষ দিনে উখিয়া ও টেকনাফের ৩৪ আশ্রয়শিবিরে ৫৮টি কেন্দ্রে টিকা নেন প্রায় ৫ হাজার রোহিঙ্গা। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও বৈরী পরিবেশের কারণে সকাল থেকে বৃষ্টিপাত হওয়ায় বুধবারও টিকা প্রয়োগের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। টিকার জন্য প্রতিদিন লক্ষ্যমাত্রা নির্ধারণ ছিল সাত হাজার।
কিন্তু প্রতিদিন গড়ে টিকা নিয়েছেন পাঁচ হাজার রোহিঙ্গা। সাপ্তাহিক ছুটি ও জাতীয় শোক দিবস থাকায় ১৩ ও ১৫ আগস্ট টিকাদান বন্ধ ছিল।
জাতিসংঘের উদ্বাস্তুবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের সহযোগিতায় রোহিঙ্গা শিবিরে করোনার টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করছে সরকারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) কার্যালয়।
আরআরআরসি কার্যালয়ের প্রধান স্বাস্থ্য সমন্বয়কারী আবু তোহা এম আর এইচ ভূঁইয়া বলেন, সাত দিনব্যাপী টিকাদান কর্মসূচির প্রধম ধাপে ৩৫ হাজারের বেশি রোহিঙ্গা টিকা নিয়েছেন। আগামী দুই দিন টিকার নিবন্ধন যাচাই করা হবে। এরপর বাদ পড়া রোহিঙ্গাদের জন্য আরও দুই দিন টিকাদান কার্যক্রম চালানো হবে। রোহিঙ্গাদের দেওয়া হয়েছে চীনের সিনোফার্মের টিকা।
২০১৭ সালের ২৫ আগস্টের পর মিয়ানমার সেনাবাহিনীর অত্যাচার–নির্যাতনের মুখে অন্তত আট লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। এর আগে পালিয়ে আসে আরও কয়েক লাখ। বর্তমানে উখিয়া ও টেকনাফের ৩৪টি আশ্রয়শিবিরে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা সাড়ে ১১ লাখ।