প্রথম পাঁচ হাজার শনাক্ত তিন মাসে, পরের পাঁচ হাজার ৫০ দিনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট বিভাগে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হওয়া মানুষের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গেছে। সিলেটে প্রথম করোনা শনাক্ত হয় গত ৫ এপ্রিল। এরপর গত ৪ জুলাই পর্যন্ত তিন মাসে আক্রান্তের সংখ্যা পাঁচ হাজার ছাড়ায়। এর ৫০ দিন পর রোববার (২৩ আগস্ট) সকাল আটটা পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী বিভাগে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ১৬ জন।

সংক্রমণের প্রথম দিকে ধীরগতিতে ছড়ালেও দুই মাসের মধ্যে বাড়তে থাকে সংক্রমণের হার। তবে বর্তমানে করোনা সংক্রমণের হার একটি স্থির অবস্থানে রয়েছে বলে দাবি করেছেন স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিসুর রহমান বলেন, করোনা সংক্রমণের মাঝামাঝি সময়ে হার বেড়ে গিয়েছিল। তবে বর্তমানে সংক্রমণের হার স্থির অবস্থানে রয়েছে। সংক্রমণের হার কমছে না। এর জন্য মানুষের স্বাস্থ্যবিধি না মানার প্রবণতাকে দায়ী করে তিনি বলেন, সরকারি ঘোষণা অনুযায়ী স্বাস্থ্যবিধি অনুসরণ এবং সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলা হলেও মানুষজন এসবের তোয়াক্কা করেননি। এ ছাড়া মানুষ করোনার প্রথম দিকের তুলনায় বর্তমানে ঘর থেকে বাইরে থাকার হার বেড়েছে। মানুষজনকে ন্যূনতম মাস্কও ব্যবহার করতে দেখা যাচ্ছে না। এতে সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা রয়েছে।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, বিভাগে করোনা সংক্রমণের প্রথম দুই মাসে অর্থাৎ গত ৫ এপ্রিল থেকে ৫ জুন সংক্রমিত হয়েছেন ১ হাজার ৩২২ জন। এর পরবর্তী দুই মাসে (৬ জুন থেকে ৫ আগস্ট) সংক্রমণের হার প্রায় ছয় গুণ বেড়ে পৌঁছায় ৮ হাজার ১৯১ জন। প্রথম দুই মাসের তুলনায় পরবর্তী দুই মাসে ৬ হাজার ৮৬৯ জন বেশি সংক্রমিত হন। ঈদের আগে বিপণিবিতানে কেনাকাটা এবং ঈদের সময় মানুষজনের ঘোরাঘুরি এবং যাতায়াত বৃদ্ধির কারণে সংক্রমণের মাত্রা বেড়েছে বলে মনে করেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

এ নিয়ে বিভাগে করোনাভাইরাসে সংক্রমিত রোগী সংখ্যা বেড়ে দাঁড়ায় ১০ হাজার ১৬। বিভাগে নতুন করে সিলেট জেলায় ২০ জন, সুনামগঞ্জ জেলায় ১০ জন ও হবিগঞ্জ জেলায় ২১ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য বিভাগের সূত্রে জানা গেছে, গত শনিবার রাত পর্যন্ত বিভাগের চার জেলার ৫৮ হাজার ৫৫২ জনের করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়েছে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৭ হাজার ৩৮০ জনের। সর্বশেষ রোববার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টার হিসাবে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৫১ জনের। এ নিয়ে বিভাগে করোনাভাইরাসে সংক্রমিত রোগী সংখ্যা বেড়ে দাঁড়ায় ১০ হাজার ১৬। বিভাগে নতুন করে সিলেট জেলায় ২০ জন, সুনামগঞ্জ জেলায় ১০ জন ও হবিগঞ্জ জেলায় ২১ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে।

বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন চারজন। এর মধ্যে সিলেট জেলায় তিনজন ও মৌলভীবাজার জেলায় একজন মারা গেছেন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৪৭ জন। এর মধ্যে সিলেট জেলায় ৩০৬ জন, সুনামগঞ্জ জেলায় ২২ জন, হবিগঞ্জ জেলায় ১ জন ও মৌলভীবাজার জেলায় ১৮ জন সুস্থ হয়েছেন।

হাসপাতালে করোনায় আক্রান্তদের চাপ চলতি মাসের প্রথম দিকে কিছুটা কম থাকলেও বর্তমানে বেড়েছে। চলতি মাসের প্রথম দিকে আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৫০ জনের নিচে নেমে গিয়েছিল। তবে গত ১০ জুলাইয়ের পর থেকে হাসপাতালে রোগীর সংখ্যা ৭০–এর ঊর্ধ্বে রয়েছে।
জন্মেজয় দত্ত, আবাসিক চিকিৎসা কর্মকর্তা, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের

এ পর্যন্ত সিলেট জেলায় করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে ৫ হাজার ৩১৪ জনের, সুনামগঞ্জ জেলায় ১ হাজার ৯০৮ জন, হবিগঞ্জ জেলায় ১ হাজার ৪৩৬ জন ও মৌলভীবাজার জেলায় ১ হাজার ৩৫৮ জন। বিভাগে এ পর্যন্ত সুস্থ হওয়া ৬ হাজার ২৪৬ জনের মধ্যে সিলেটে ৩ হাজার ২৫ জন, সুনামগঞ্জে ১ হাজার ৪৭০ জন, হবিগঞ্জে ৯৩১ জন ও মৌলভীবাজারে ৮২০ জন আছেন। করোনায় ভুগে মারা যাওয়া ১৮১ জনের মধ্যে সিলেটে ১২৯ জন, সুনামগঞ্জে ২০ জন, হবিগঞ্জে ১২ জন ও মৌলভীবাজারে ২০ জন আছেন।

সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা জন্মেজয় দত্ত প্রথম আলোকে বলেন, হাসপাতালে করোনায় আক্রান্তদের চাপ চলতি মাসের প্রথম দিকে কিছুটা কম থাকলেও বর্তমানে বেড়েছে। চলতি মাসের প্রথম দিকে আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৫০ জনের নিচে নেমে গিয়েছিল। তবে গত ১০ জুলাইয়ের পর থেকে হাসপাতালে রোগীর সংখ্যা ৭০–এর ঊর্ধ্বে রয়েছে।