প্রথমবারের ফলনে খুশি কৃষক

ভোলায় এই প্রথম আদার আবাদ হয়েছে। এখন পর্যন্ত যা জানা গেছে, তাতে অবস্থা সন্তোষজনক।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের চরমনসা গ্রামে সবুজ বাংলা কৃষি খামারে আদার বাম্পার ফলন হয়েছে
ছবি: প্রথম আলো

ভোলা জেলায় চলতি বছর প্রথমবারের মতো ২৮ একর জমিতে আদার আবাদ করা হয়েছে। কৃষকেরা জানিয়েছেন, আদার ফলনও হয়েছে ভালো। এতে খুশি তাঁরা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, ভোলার মাটিতে বর্ষাকালে বেশি পলি জমে। বেলে–দোআঁশ হওয়ায় এ মাটিতে সব ধরনের ফসল ফলতে পারে। এ ধারণা থেকে প্রতিষ্ঠানটির তৎকালীন উপপরিচালক আবু মোহাম্মদ এনায়েতউল্লাহ জেলার ২৮ একর জমিতে আদা আবাদে কৃষকদের উৎসাহিত করেন। ‘কৃষক পর্যায়ে উন্নত মানের ডাল, তেল ও মসলাবীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ (তৃতীয় পর্যায়)’ প্রকল্পের আওতায় পাহাড়ি অঞ্চল থেকে বারি-১ জাতের আদার বীজ এনে তাঁদের বিনা মূল্যে বিতরণ করা হয়।

সূত্র আরও জানায়, কৃষকেরা ২০২১ সালের মার্চ মাসে পানি জমে থাকে না, এমন উঁচু, পরিত্যক্ত ও আধো ছায়াযুক্ত জমিতে আদা চাষ শুরু করেন। মার্চ মাসে জমি ঠিকঠাক করে আদা রোপণ করা হয়। নভেম্বর-ডিসেম্বরে খেত থেকে আদা তোলার কথা ছিল। কিন্তু বীজ রাখার জন্য কৃষকদের আরও কিছুদিন খেতে আদা রাখার পরামর্শ দেওয়া হয়।

ভোলা সদর উপজেলার কৃষি কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন বলেন, রাজাপুর ইউনিয়নের চরমনসা গ্রামে সবুজ বাংলা কৃষি খামারে আদার বাম্পার ফলন হয়েছে। আবার একই ইউনিয়নের শ্যামপুর গ্রামের মনিরুল ইসলামের খামারে সামান্য পানি জমায় কিছু গাছ মরে গেছে। এরপরও সেখানে ভালো ফলন হয়েছে। বর্তমানে আদার বাজারমূল্য ভালো থাকায় কৃষকও খুশি।

ভোলার বাজারে প্রতি মণ আদা ২ হাজার টাকায় বিক্রি হচ্ছে বলে জানা গেছে। মনিরুল ইসলামের খামার ঘুরে দেখা যায়, মাটি কেটে পুকুরের বাঁধ উঁচু করা হয়েছে। সেই উঁচু জমিতে আদা লাগিয়েছেন মনিরুল ইসলাম। তিনি জানান, তাঁর একেকটি গাছে ৭০০-৮০০ গ্রাম আদা হয়েছে। এখান থেকে বীজ রাখবেন। তাই একটু বিলম্বে ফসল তুলছেন।

সবুজ বাংলা কৃষি খামারে গিয়ে দেখা যায়, খামারটি প্রায় ১০০ একর জমির। ২০ একর খেতের মাঝে উঁচু বাঁধ দেওয়া হয়েছে। বৃষ্টি হলে বাঁধ থেকে পানি পাশের নালায় নেমে যায়। এ বছর বাঁধের এক একর জমিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শে আদার চাষ করা হয়েছে।

খামারের পরিচালক ইয়ানুর রহমান বলেন, গত বৃহস্পতিবার প্রথম আদা তোলা হয়েছে। ১ শতাংশ জমিতে প্রায় ৫৮ কেজি আদা হয়েছে। ওই আদা ভোলা বাজারে প্রতি কেজি ৫০ টাকায় বিক্রি হয়েছে। সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের মো. হারুন সুপারিবাগানে সাত শতাংশ জমিতে আদার আবাদ করেছেন। ফলন ভালো হয়েছে। তিনি বলেন, পাহাড়ের আদা এখন ভোলায় আবাদ হচ্ছে। ভাবতেই ভালো লাগছে।

জেলার কৃষি কর্মকর্তা মো. হাসান ওয়ারিসুল কবীর বলেন, ‘আদা চাষে ফলন আশা ছাড়িয়ে গেছে। জেলায় আদার আবাদ বাড়াতে বেশি বেশি প্রদর্শনী করার জন্য মন্ত্রণালয়ে লিখব।’ তিনি বলেন, প্রতিটি বাড়ির উঠানে বা পরিত্যক্ত জমিতে এর চাষ করলে আর আদা কিনতে হবে না। এটি দীর্ঘদিন ধরে সংরক্ষণের উপযোগী ফসল।