প্রথমে গেছে ফুটপাত, তারপর সড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিরপুর রোডের টেকনিক্যাল মোড় থেকে মিরপুর ১ নম্বর বাসস্ট্যান্ড পর্যন্ত সড়কে নিয়মিত বাজার বসে। এতে যানজটের সৃষ্টি হয় l প্রথম আলো
মিরপুর রোডের টেকনিক্যাল মোড় থেকে মিরপুর ১ নম্বর বাসস্ট্যান্ড পর্যন্ত সড়কে নিয়মিত বাজার বসে। এতে যানজটের সৃষ্টি হয় l প্রথম আলো

মিরপুর রোডের টেকনিক্যাল মোড় থেকে মিরপুর ১ নম্বর বাসস্ট্যান্ড পর্যন্ত সড়কটির কেতাবি নাম অধ্যক্ষ আবুল কাশেম সড়ক। এর দৈর্ঘ্য বড়জোর সোয়া দুই কিলোমিটার। কিন্তু সকালে বাসে এই পথ যেতে অন্তত আধঘণ্টা সময় লাগে। কারণ, সড়কটির বড় একটি অংশ দখল করে বসানো হয়েছে বাজার। এতে সড়ক সংকীর্ণ হওয়ার পাশাপাশি বাজারে আসা মানুষের জটলায় সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট।

স্থানীয় ব্যক্তিরা বলেছেন, প্রভাবশালীদের মদদে প্রথমে সড়কটির ফুটপাত দখল করা হয়েছিল। পরে সুযোগ বুঝে সড়কের প্রায় অর্ধেকটাই দখল করা হয়েছে।

সড়কটির মালিক ঢাকা উত্তর সিটি করপোরেশন। কিন্তু মালিকপক্ষও পারছে না সড়কটি দখলমুক্ত করতে। স্থানীয় কাউন্সিলর মোহাম্মদ ইকবাল হোসেন পুলিশের ওপর দায় চাপিয়েছেন। তাঁর দাবি, ‘স্থানীয় থানা-পুলিশকে ম্যানেজ করেই সব চলছে।’

 টেকনিক্যাল মোড় থেকে মিরপুর ১ নম্বর হয়ে মিরপুর ২, ১০, ১২-১৪, দুয়ারীপাড়া, চিড়িয়াখানা যেতে অধ্যক্ষ আবুল কাশেম সড়কটি ব্যবহার করা হয়। এই সড়ক দিয়ে প্রতিদিন প্রজাপতি, আকিক, জাবালে নূর ও রবরব পরিবহনের অন্তত ২০০ বাস যাতায়াত করে। লেগুনা, অটোরিকশা, ব্যক্তিগত গাড়ি চলে অগণিত। গুরুত্বপূর্ণ এই সড়কটি বাজারের দখলে যাওয়ার দীর্ঘ সময় যানজটে আটকে থাকতে হয় সাধারণ মানুষকে।

গত সোমবার সকালে সরেজমিনে দেখা গেছে, বাজারটি সড়কের (টেকনিক্যাল মোড় থেকে মিরপুর ১ নম্বর যাওয়ার অংশ) পাশের ওয়াক আপ উচ্চবিদ্যালয়ের গেট থেকে শুরু হয়ে আনসার ক্যাম্প বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়েছে। বাজার বসেছে দুই সারিতে। বাজারজুড়ে চলছেশাকসবজি, পেঁয়াজ, রসুন, মাছ-মুরগির জমজমাট বেচাকেনা। সড়কটির এই অংশসহ প্রায় পুরো সড়কের ফুটপাতও দখল হয়ে গেছে। ফুটপাতে প্লাস্টিকের ছাউনি পেতে ফলমূল, গরুর মাংস, চা-পানের দোকান বসানো হয়েছে। ফলে সাধারণ মানুষ হাঁটছে মূল সড়কে। দখলের পর সড়কের সংকীর্ণ অংশ দিয়ে কচ্ছপ গতিতে চলছে বাস, রিকশা, স্কুল ভ্যানসহ অন্যান্য যানবাহন। মাঝবয়সী একজন লাঠি হাতে যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ করছেন। তাঁর নাম জানতে চাইলে তিনি বলেন, ‘নাম জাইনা কাম নাই।’ এ দায়িত্ব তাঁকে কে দিয়েছে জানতে চাইলে বলেন, ‘দায়িত্ব কারও দেওয়ন লাগে না, নিজে নিজে লইছি।’

ফুটপাতের চায়ের দোকানে কথা হয় একটি বাসের চালকের সহকারী জাহাঙ্গীরের সঙ্গে। তিনি বলেন, ‘ভাই, বলারও কেউ নাই, দেখারও নাই। রাস্তা দখল করে বাজার বসানো তামাশা ছাড়া আর কিছু না।’

বাজারের আনসার ক্যাম্প অংশের সামনে কথা হয় একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ওয়াসিউর রহমানের সঙ্গে। তিনি বলেন, কালশী হয়ে উত্তরা, মহাখালী, গুলশান, বনানী যেতে অনেকেই এই সড়ক ব্যবহার করেন। কারণ, অন্য সড়কের তুলনায় এদিক দিয়ে যেতে কম সময় লাগে। কিন্তু এই যানজটের কারণে সব ভেস্তে যেতে বসেছে।

শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকলে সকালের যানজট আরও বাড়ে। কারণ, অধ্যক্ষ আবুল কাশেম সড়কের দুই পাশে ছোট-বড় অন্তত পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠান আছে।

 পাইকপাড়ার বাসিন্দা শাহাদাত হোসেন তাঁর ছেলে আহমেদ বেলালকে নিয়ে স্কুলে যাচ্ছিলেন। সকাল ৯টায় বেলালের পরীক্ষা। সোমবার সকাল সাড়ে আটটা পর্যন্ত তাঁরা যানজটে আটকে ছিলেন। শাহাদাত বলেন, ‘প্রতিদিন সকাল আটটার মধ্যে বেরিয়ে পড়ি। বৃষ্টির কারণে আজ (সোমবার) ঘুম ভেঙেছে একটু দেরিতে। তারই মাশুল দিচ্ছি এখন।’

বাজারটি কারা নিয়ন্ত্রণ করে, সে সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক টোলারবাগের এক বাসিন্দা বলেছেন, আনসার ক্যাম্প এলাকায় একসময় বস্তি ছিল। যারা বস্তি নিয়ন্ত্রণ করত, তারাই এখন বাজার নিয়ন্ত্রণ করে। এর সঙ্গে স্থানীয় প্রভাবশালী রাজনীতিবিদেরাও জড়িত।

সড়কের বাজারটি উচ্ছেদে সিটি করপোরেশনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হবে কি না জানতে চাইলে স্থানীয় কাউন্সিলর মোহাম্মদ ইকবাল হোসেন প্রথম আলোকে বলেন, ‘কী করব ভাই। আমি উদ্যোগ নিয়ে তিন-তিনবার এই বাজার উচ্ছেদ করেছি। আবার এসে বসেছে। আবার উচ্ছেদের জন্য উত্তর সিটি করপোরেশনে ডিও দিয়েছি। শিগগিরই সব উচ্ছেদ করা হবে।’