প্রধান অতিথিকে বেশি 'তেল' নয়
বিভিন্ন সভা-সমাবেশে বক্তারা প্রধান অতিথিকে উদ্দেশ করে বেশি ‘তেল’ মারেন এবং অপ্রাসঙ্গিক বক্তব্য দেন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। অতিরিক্ত তোয়াজ করার বিষয়টি অপ্রয়োজনীয়, গুরুত্বহীন ও দৃষ্টিকটু বলে মনে করেন মেয়র। গতকাল শনিবার দুপুরে চট্টগ্রাম সিটি করপোরেশন কম্পিউটার ইনস্টিটিউটের যুগপূর্তি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নগরের জিইসি মোড়ের একটি কনভেনশন সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান শুরুর নির্ধারিত সময় ছিল সকাল ১০টা। প্রায় সোয়া দুই ঘণ্টা দেরিতে মেয়র আ জ ম নাছির জাতীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন। আলোচনা পর্ব শুরু হয় বেলা একটায়। মেয়রের বক্তব্য শুরু হওয়ার পরপরই বিদ্যুৎবিভ্রাট হয়। এতে প্রায় ১৫ মিনিট অনুষ্ঠান বন্ধ থাকে।
অনুষ্ঠানে মেয়র আ জ ম নাছির বলেন, দেশের অনেক কিছুর পরিবর্তন হয়েছে। কিন্তু সভা-সমাবেশের ক্ষেত্রে কোনো পরিবর্তন হয়নি। এখনো তিন থেকে পাঁচ ঘণ্টা সময় ব্যয় করে সভা-সমাবেশ করা হয়। আট কর্মঘণ্টার মধ্যে পাঁচ ঘণ্টাই যদি বক্তব্যের পেছনে চলে যায়, তাহলে কেমন করে হবে। আর বক্তব্য যা দেওয়া হয় তাও অপ্রাসঙ্গিক ও অপ্রয়োজনীয়। ‘টু দ্য পয়েন্ট’ (সুনির্দিষ্ট বিষয়ে)-এ কথা বলতে হবে।
দক্ষ মানবসম্পদ গড়তে সিটি করপোরেশন কাজ করে যাচ্ছে বলে জানান মেয়র নাছির। তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ আজ বাস্তবতা। বিশ্বের সঙ্গে পাল্লা দিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এই এগিয়ে যাওয়ার পথে সিটি করপোরেশন তথ্যপ্রযুক্তি খাতে আরও সহযোগিতা দিয়ে যাবে।
অনুষ্ঠানে জানানো হয়, ২০০৪ সালে চট্টগ্রাম সিটি করপোরেশন কম্পিউটার ইনস্টিটিউট যাত্রা শুরু করে। এ পর্যন্ত এ ইনস্টিটিউট থেকে প্রায় ১২ হাজার শিক্ষার্থী প্রশিক্ষণ নিয়েছেন। বর্তমান মেয়র দায়িত্ব নেওয়ার পর ১২৪ জন দরিদ্র শিক্ষার্থীকে বিনা মূল্যে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের শিক্ষা ও স্বাস্থ্যবিষয়ক স্থায়ী কমিটির সভাপতি নাজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কাউন্সিলর গিয়াস উদ্দিন ও তারেক সোলেমান, ইনস্টিটিউটের পরিচালক আনিস আহমেদ প্রমুখ।
যুগপূর্তি অনুষ্ঠান উপলক্ষে কনভেনশন সেন্টারে তথ্যপ্রযুক্তি বিষয়ক মেলার আয়োজন করা হয়। এতে ২০টি প্রতিষ্ঠান অংশ নেয়।