প্রধান আসামি অন্তরের রিমান্ড নামঞ্জুর কারাফটকে জিজ্ঞাসাবাদের আদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভৈরবে খুন হওয়া মহিউদ্দিন প্রবাল।
ছবি: সংগৃহীত

আজ মঙ্গলবার বিকেলে কিশোরগঞ্জ ম্যাজিস্ট্রেট আদালতের-২-এ পুলিশের করা রিমান্ড আবেদনের শুনানি হয়। শুনানি শেষে বিচারক মো. রফিকুল বারী এই আদেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ভৈরব থানার পরিদর্শক (অপারেশন) তারিকুল আলম মুঠোফোনে প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেন।

পুলিশ সূত্র জানায়, প্রবাল হত্যার প্রধান আসামি অন্তর। বাড়ি পৌর শহরের কমলপুর এলাকায়। এলাকায় তিনি কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দেন। অন্তরের বাবা জিল্লুর রহমানের শাকিল মোটরস নামের একটি দোকান থেকে প্রবালের লাশ উদ্ধার করা হয়। অন্তর গত বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করেন। তিনি আত্মসমর্পণের পর রহস্য উন্মোচনে পুলিশ আশাবাদী হয়ে ওঠে। পুলিশের ধারণা, অন্তরের পরিকল্পনায় এই হত্যাকাণ্ড ঘটেছে। এই ধারণা থেকেই গত বৃহস্পতিবার অন্তরকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়।

ভৈরবে মহিউদ্দিন প্রবাল হত্যা মামলার প্রধান আসামি অন্তর মিয়া।
ছবি: সংগৃহীত

পুলিশ সূত্র আরও জানায়, প্রবাল হত্যা মামলায় এ পর্যন্ত পাঁচ আসামি গ্রেপ্তার হয়েছেন। এর মধ্যে এক আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। এ মামলার অপর দুই আসামি পৌর শহরের কমলপুর এলাকার রাজন মিয়া এবং একই এলাকার মো. তৌহিদকে দুই দিন করে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
প্রবাল হত্যা মামলার আসামি অন্তরের বাবা জিল্লুর রহমানকেও এক দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এরই মধ্যে তাঁদের জিজ্ঞাসাবাদ শেষ।  

জিল্লুর জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, তাঁর ছেলে অন্তর ভালো নয়। অপরাধজগতের সঙ্গে যোগাযোগ রয়েছে ছেলের। তবে প্রবাল হত্যার বিষয়ে তাঁর কিছুই জানা ছিল না। তৌহিদ ও রাজন জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছেন, তাঁরা অন্তরের পরিচিত। কিন্তু হত্যার বিষয়ে তাঁদের কিছু জানা নেই। ফলে ১৪ দিন পরও প্রবাল হত্যার রহস্য পুলিশের অজানাই রয়ে গেল।

পুলিশের ভাষ্যমতে, অন্তর প্রথমত মামলার প্রধান অভিযুক্ত। বাসস্ট্যান্ড এলাকায় তাঁর কিশোর অপরাধী দল আছে। হত্যার বিষয়ে তাঁর নামটি সর্বমহলে উচ্চারিত হচ্ছে। ঘটনাস্থল থেকে ছুরি, মুঠোফোন ও অন্তরের ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ কারণে পুলিশের ধারণা ছিল অন্তরকে রিমান্ডে নেওয়া গেলে হত্যার রহস্য উদ্‌ঘাটন করা যাবে।

প্রবাল নরসিংদীর রায়পুরা উপজেলার মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হোসেন ভূঁইয়ার ছেলে। ভৈরবে হোসেন ভূঁইয়ার মালিকানাধীন মাতৃকা জেনারেল হাসপাতাল নামের একটি বেসরকারি হাসপাতাল রয়েছে। তিনি পরিবার নিয়ে হাসপাতালের দ্বিতীয় তলায় থাকেন। ১ জুন বাসস্ট্যান্ড এলাকায় জিল্লুর রহমানের দোকান থেকে প্রবালের লাশ উদ্ধার করেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা।

এই ঘটনায় ৩ জুন অন্তরসহ ছয়জনের বিরুদ্ধে মামলা হয়। ছয়জনের মধ্যে অন্তরের বাবা জিল্লুর রহমান এবং অন্তরের দুই ভাই নয়ন মিয়া ও অনিক মিয়া রয়েছেন। অন্তর ও জিল্লুর গ্রেপ্তার হলেও নয়ন ও অনিক পলাতক। জবানবন্দি দেওয়া কিশোর প্রথম মামলার আসামি ছিলেন না। পরে তাঁকে ওই মামলার আসামি করা হয়।

মামলাটির তদন্তকারী কর্মকর্তা তারিকুল আলম বলেন, ‘রিমান্ডে পেলে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা যেত। তবে এখন জিজ্ঞাসাবাদ করতে হবে কারাফটকে গিয়ে। আশা করছি কষ্ট হলেও মামলার রহস্য উন্মোচন করা যাবে।’