নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এক নারীকে (৩৭) বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার ইউপি সদস্যসহ দুজনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ মঙ্গলবার বিকেলে নোয়াখালীর ৩ নম্বর আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাশফিকুল হক রিমান্ড আবেদনের শুনানি শেষে একজনের দুই দিন ও অপরজনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড মঞ্জুর হওয়া দুজন হলেন একলাশপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মোয়াজ্জেম হোসেন (৪৮) ও মামলার প্রধান আসামি নূর হোসেন ওরফে বাদল (২২)। তাঁদের মধ্যে মোয়াজ্জেম হোসেন নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলার আসামি। আর নুর হোসেন এই মামলার পাশাপাশি পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে করা মামলারও আসামি।
নোয়াখালী জেলা পুলিশের বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান শেখ বলেন, আজ দুপুরে এই দুই আসামিকে আদালতে হাজির করেন মামলার তদন্তকারী কর্মকর্তা বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাক আহমেদ। প্রতিটি মামলায় তাঁদের সাত দিন করে রিমান্ডের আবেদন করা হয়। বিকেলে শুনানি শেষে আদালত আসামি মোয়াজ্জেম হোসেনের দুই দিন ও নূর হোসেনের পৃথক দুটি মামলায় মোট সাত দিনের (নির্যাতনের মামলায় দুই দিন আর পর্নোগ্রাফি মামলায় তিন দিন) রিমান্ড মঞ্জুর করেন।
গত সেপ্টেম্বর মাসের শুরুর দিকে বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৭) বিবস্ত্র করে নির্যাতনের ঘটনা ঘটে। দুর্বৃত্তরা এ ঘটনার ভিডিও চিত্র ধারণ করেন। পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
থানা সূত্র জানায়, নির্যাতনের শিকার ওই নারী গত রোববার দিবাগত রাতে বেগমগঞ্জ থানায় দুটি মামলা করেন। একটি মামলা নারী ও শিশু নির্যাতন দমন আইনে, অন্যটি পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে। দুই মামলাতেই ৯ জনকে আসামি করা হয়েছে। এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন ছয়জন।